বিসলেরির ১৪৩টি প্ল্যান্টই কি চালু? একটি ব্যাচের নিষেধাজ্ঞা নিয়ে বড় বিবৃতি দিল সংস্থা

প্যাকেজড ড্রিংকিং ওয়াটার সংস্থা বিসলেরি ২৩ নভেম্বর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই-এর স্পষ্টীকরণকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। সংস্থার দাবি, তাদের ১৪৩টি প্ল্যান্টই সম্পূর্ণ চালু রয়েছে এবং সবকটি কেন্দ্রই নিয়ন্ত্রক সংস্থার বিধি মেনে কাজ করছে।
বিসলেরির পক্ষ থেকে জানানো হয়েছে, বছরে ৫০ হাজারের বেশি ব্যাচ উৎপাদন করে তারা। এফএসএসএআই-এর বিক্রয় নিষেধাজ্ঞা শুধু একটি নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য। ওই ব্যাচটির নম্বর জিও ২৭০ এবং সেটি ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর গোয়া প্ল্যান্টে তৈরি হয়েছিল বলে সংস্থার দাবি। বিসলেরির বক্তব্য, এই ব্যাচের কোনো স্টক বর্তমানে বাজারে নেই।
ব্রোমেট ও পিএএইচ পরীক্ষা নিয়ে কী দাবি সংস্থার
বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, ২০২৬ সালের ২৩ নভেম্বর এফএসএসএআই স্পষ্ট করেছে যে সংশ্লিষ্ট ব্যাচের নমুনা পুনঃপরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার নিচে পাওয়া গেছে। সংস্থার মতে, একই উৎস থেকে সংগ্রহ করা ছয়টি জলের নমুনাই প্রাথমিক পরীক্ষায় উতরে গিয়েছিল।
তবে পুনঃপরীক্ষার পর জিও ২৭০ ব্যাচের ছয়টি নমুনার একটিতে প্রতি লিটারে ০.১৪৪ মাইক্রোগ্রাম পিএএইচ-এর উপস্থিতি ধরা পড়ে। বিসলেরির দাবি, একই ব্যাচের আরেকটি নমুনা সব মানদণ্ড পূরণ করেছে। পরীক্ষার রিপোর্টে অসঙ্গতির কথা তুলে ধরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই পিএএইচ পুনঃপরীক্ষার আবেদন করেছিল সংস্থাটি। এফএসএসএআই-এর সঙ্গে সহযোগিতা বজায় রাখা এবং প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরার কথাও জানিয়েছে তারা।
সব প্ল্যান্টে কাজ চলছে, বিভ্রান্তি নিয়ে সতর্কবার্তা
বিসলেরি জানিয়েছে, গোয়া প্ল্যান্ট বন্ধ রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং পরবর্তী সময়ে সেখানকার উৎপাদিত নমুনা এফএসএসএআই-এর সব মানদণ্ড পূরণ করেছে। এরপর থেকে তাদের কোনো প্ল্যান্টের নমুনাতেই পিএএইচ সংক্রান্ত ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে দাবি সংস্থার।
ভোক্তাদের উদ্দেশে বিসলেরির আবেদন, তাঁরা যেন শুধু যাচাইকৃত তথ্যের ওপর ভরসা করেন এবং ভুয়া তথ্য এড়িয়ে চলেন। একই সঙ্গে বিভ্রান্তিকর প্রচার বা মিথ্যা দাবির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। পণ্যের গুণমান ও খাদ্য নিরাপত্তা বজায় রাখাই মূল অগ্রাধিকার বলে জানিয়েছে বিসলেরি।