বাংলার জন্য ২৭ হাজার কোটি টাকার হাইওয়ে প্রকল্প! ২৬ নভেম্বর কোলাঘাটে আসছেন নিতিন গডকড়ি

বাংলার সড়ক ও সেতু পরিকাঠামোর উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ি। রাজ্যে প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই প্রকল্পগুলির সূচনা হওয়ার কথা রয়েছে।
ঘোষণা অনুযায়ী, কোলাঘাটের ওই অনুষ্ঠান থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সড়ক প্রকল্পগুলির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি নতুন করে আরও প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সব মিলিয়ে প্রায় ২৭ হাজার কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে উপকৃত হবে রাজ্য।
জাতীয় সড়ক প্রকল্পের পাশাপাশি ওই দিন চারটি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধনও করা হবে। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুরের নরঘাটের মাতঙ্গিনী সেতু। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই হাইওয়ে ও সেতু প্রকল্পগুলি চালু হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় গতি আসবে এবং যাতায়াত আরও সহজ হবে।