মাংস মাটিতে পুঁতে জিজ্ঞাসাবাদ, সাগরদিঘিতে পশু জবাইয়ের ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের

গোহত্যা বন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৎপর হলো পুলিশ। লুকিয়ে গোপনে পশু জবাইয়ের অভিযোগে হাতেনাতে চারজনকে গ্রেফতার করেছে সাগরদিঘি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদীঘির হাজিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার শেখদীঘির হাজিপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় হানা দেয় পুলিশ। অভিযোগ, সেখানে গোপনে একটি পশু জবাই করা হচ্ছিল। ঠিক সেই সময় গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং পশু জবাইয়ের সময় হাতেনাতে চারজনকে ধরে ফেলে।
ঘটনাস্থল থেকেই ধৃত চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করে পুলিশ। এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না এবং ওই মাংস কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।
শুভেন্দু অধিকারী কী বলেছিলেন? সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না। আইন থাকার পরেও ‘লুকিয়ে চুরিয়ে’ এই কাজ চলছে। কিন্তু সেই সব বন্ধ করা হবে। গোমাতাকে কাটতে দেওয়া হবে না।”
পাশাপাশি অনুমোদিত স্লটার হাউস প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “স্লটার হাউস ও গোমাতার উপর হাত দেওয়া এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন।” তবে আইনের বাইরে গিয়ে কোনওভাবেই পশু হত্যা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছিলেন তিনি।