জ্ঞান ফিরল রেখা পাত্রের, বিষক্রিয়ায় অন্যান্য অঙ্গে কতটা প্রভাব? চলছে কড়া নজরদারি

শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। পরিবারের দাবি ছিল, তাঁর শরীরে বিষাক্ত কীটনাশক গিয়েছিল। তবে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

এখন কেমন আছেন রেখা? হাসপাতাল সূত্রে খবর, সোমবার বেলার দিকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করা হয়েছে রেখা পাত্রকে। এরপর থেকে নতুন করে শ্বাস-প্রশ্বাসজনিত আর কোনও সমস্যা দেখা দেয়নি। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে এবং কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার আর প্রয়োজন পড়ছে না। বুক ধড়ফড়ানির সমস্যা ছাড়া আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের মতে, আগামী ৬-৭ দিনের আগে হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

মেডিক্যাল বোর্ডের বক্তব্য ও নজরদারি ভেন্টিলেশন থেকে বের করার পর রেখা পাত্রের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সদস্যদের চিনতে পেরেছেন বলে হাসপাতাল সূত্রে খবর। কাছের মানুষদের দেখেই আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

যদিও আপাতত বিপদমুক্ত বলা হচ্ছে, তবুও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। বিষক্রিয়ার ফলে শরীরের অন্যান্য অঙ্গে কতটা প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে স্নায়ুতন্ত্র, হৃদ্‌যন্ত্র, পরিপাকতন্ত্র ও কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে কি না, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, এ ধরনের বিষক্রিয়ায় এই অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, ফলে দীর্ঘমেয়াদি কোনও জটিলতা তৈরি হয়েছে কি না তা বুঝতে আরও নজরদারি প্রয়োজন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, রবিবার থেকেই তিনি আইটিইউ-তে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। মেডিক্যাল সার্টিফিকেটে তাঁর শরীরে ফসলের কীটনাশকের উপস্থিতির উল্লেখ ছিল। বিষক্রিয়ার জেরে মস্তিষ্কে প্রভাব পড়ার পাশাপাশি শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল এবং ফুসফুসে লালারস ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করেছিল। সোমবার ভেন্টিলেশন থেকে বের করা হলেও আরও কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে।

কীভাবে অসুস্থ হলেন রেখা? শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।