সাভারকরকে নিয়ে সনিয়া গান্ধীর বইয়ে বিতর্ক! আইনি নোটিস পাঠালেন সাত্যকি সাভারকর!

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ও ইঙ্গিত ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনি অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্বাধীনতা সংগ্রামী সাভারকরের জীবন, সংগ্রাম ও আদর্শকে ‘বিকৃতভাবে উপস্থাপন’ করার অভিযোগ তুলে সনিয়া গান্ধীকে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিস পাঠিয়েছেন সাভারকরের প্রপৌত্র বা নাতি সাত্যকি সাভারকর। নোটিসে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি বইয়ের বিতর্কিত অংশগুলি স্পষ্ট করা ও সংশোধন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে যে দাবি পূরণ না হলে আদালতের দ্বারস্থ হয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাত্যকির পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহাতকর এই আইনি নোটিসটি পাঠিয়েছেন। নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে, আইনি নোটিস হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে সনিয়া গান্ধীকে এই দাবিগুলি মেনে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি ক্ষমা না চান বা সংশোধনের পথে না হাঁটেন, তবে সাত্যকি সাভারকর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর প্রকাশ হওয়া হার্পার কলিন্স পাবলিশার্স ইন্ডিয়ার এই স্মৃতিকথাটি সম্প্রতি সাত্যকির নজরে আসে। বইটিতে সাভারকর সম্পর্কে করা মন্তব্য ও ইঙ্গিত পড়ে তিনি অত্যন্ত ব্যথিত ও বিচলিত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁর অভিযোগ, বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় যে বক্তব্যগুলি ছাপা হয়েছে, তা তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং সাভারকরের সম্মান, মর্যাদা ও ঐতিহ্যের পরিপন্থী।
বইয়ের মূলত কোন দুটি অংশ নিয়ে এই আপত্তি ও আইনি পদক্ষেপ, তা নোটিসে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রথম আপত্তি ২০১ নম্বর পাতার বক্তব্যকে ঘিরে, যেখানে লেখা হয়েছে যে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসকদের হাতে অত্যাচার ও কারাবাস সহ্য করছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের শীর্ষ মতাদর্শীরা তাঁদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা ভিক্ষার আবেদন লিখছিলেন এবং তাঁদের সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে চরবৃত্তি করছিলেন।
আইনি নোটিসে জোরালোভাবে দাবি করা হয়েছে, এই বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হচ্ছে যে সাভারকর ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে খবর পাচার করতেন কিংবা ব্রিটিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন। এই ইঙ্গিতকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে নোটিসে। যুক্তি দেওয়া হয়েছে, যে ঐতিহাসিক প্রেক্ষাপটে সাভারকরের কারাবাস, আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিচার করা উচিত, তার সঙ্গে এই বর্ণনার কোনও সামঞ্জস্য নেই। নোটিসে আরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ব্রিটিশ শাসনে সাভারকর দীর্ঘ কারাবাস ও চরম নির্যাতন সহ্য করেছিলেন, যার মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে বন্দি থাকার মতো কঠিন সময়ও ছিল। সেই কারাবাসের সময় জমা দেওয়া আবেদনপত্রগুলির প্রকৃত প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক ঘটনা না বুঝেই সেগুলির উল্লেখ করে তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের একটি অসম্পূর্ণ ও বিকৃত ছবি তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় আপত্তি জানানো হয়েছে বইয়ের ৪৪৩ নম্বর পাতার বক্তব্য নিয়ে। ওই পাতায় উল্লেখ করা হয়েছে যে গান্ধীজির সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর, যিনি ‘হিন্দুত্ব’ নামক মতাদর্শের প্রতিষ্ঠাতা, তিনি এক বিপরীত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন এবং তাঁর মতে ভারত মূলত এমন একটি রাষ্ট্র যেখানে হিন্দুরাই সর্বোচ্চ, যে দৃষ্টিভঙ্গি আরএসএস, বিজেপি এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের অসংখ্য সহযোগী সংগঠন—যাদের একত্রে ‘সঙ্ঘ পরিবার’ বা ‘আরএসএস-এর পরিবার’ বলা হয়—তারা বহন করে চলেছে। নোটিসে এই অংশটিরও তীব্র বিরোধিতা করে বলা হয়েছে, ভারতের বিষয়ে সাভারকরের দৃষ্টিভঙ্গিকে ‘হিন্দুরাই সর্বোচ্চ’ হিসেবে দেখিয়ে তাঁর রাজনৈতিক ও আদর্শগত দর্শনের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
উল্লেখ্য, সনিয়া গান্ধীর এই বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে এর আগেই প্রতিবাদে সরব হয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। দলের নেতারা প্রকাশ্যে বইটির পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখান এবং বিতর্কিত অংশগুলি বই থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। সেই বিক্ষোভের পর এবার সরাসরি আইনি নোটিসের মুখে পড়লেন সনিয়া গান্ধী, যা এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।