হিন্দি ছবির দাপটে বাংলা ছবি কোণঠাসা? ‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্কে নবান্নে জরুরি বৈঠক!

হিন্দি সিনেমার জন্য বাংলা ছবির প্রেক্ষাগৃহ না পাওয়া নিয়ে টলিউডে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বিশেষ করে ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমার হল না পাওয়া এবং শো কমানোর অভিযোগ ঘিরে সোমবার থেকেই সরব হয়েছেন পরিচালক সায়ন্তন ঘোষাল থেকে শুরু করে ইন্ডাস্ট্রির একাধিক তারকা। এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ১টার সময় শুরু হওয়া এই বৈঠকে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের হল মালিক ও প্রদর্শকদের পাশাপাশি ডাক পেয়েছেন একাধিক প্রযোজক ও পরিচালক।

সোমবার থেকেই চর্চার কেন্দ্রে ছিল সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায় অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’। অভিযোগ ওঠে, আগামী সপ্তাহে একটি হিন্দি ছবির মুক্তির কারণে এই বাংলা ছবিটির প্রদর্শন বন্ধ ও শো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদর্শকদের তরফে শো কমানোর ইঙ্গিত মিলতেই ছবিটিকে সব প্রেক্ষাগৃহ থেকে পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। এই ঘটনার পরই বাংলা সিনেমার স্বার্থ ও উন্নতির কথা মাথায় রেখে মঙ্গলবার নবান্নে বৈঠকের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের মতো পরিচিত মুখের। ডিস্ট্রিবিউটরদের মধ্যে প্রিয়া সিনেমার অরিজিৎ দত্ত, মেনোকা সিনেমার প্রণব রায়, অজন্তা সিনেমার রতন সাহা এবং নবীনা সিনেমার নবীর চৌখালিসহ আরও অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি প্রযোজক ও পরিচালকদের তালিকায় রয়েছেন মহেন্দ্র সোনি, সুরিন্দর সিংহ, ফিরদৌসল হাসান, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, অঞ্জন বসু এবং শমীক রায়চৌধুরী।

উল্লেখ্য, পুজোর সময় নীতেশ তিওয়ারীর পরিচালনায় বহু প্রতীক্ষিত হিন্দি ছবি ‘রামায়ণ’-এর মুক্তির দিনই ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেলে প্রেক্ষাগৃহ পেতে অসুবিধা হতে পারে, এই আশঙ্কায় মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। শেষমেশ ২০ নভেম্বর বড় পর্দায় আসে ‘সাধক বামাক্ষ্যাপা’ এবং দর্শকদের কাছ থেকে ভালো সাড়াও পায়। কিন্তু মুক্তির এক সপ্তাহও পেরোতে না পেরোতেই নতুন হিন্দি ছবির কারণে শো কমানোর অভিযোগ নতুন করে প্রেক্ষাগৃহ সঙ্কটকে সামনে এনে দিয়েছে।

আজকের নবান্নের বৈঠকে হল মালিক, ডিস্ট্রিবিউটর, প্রযোজক ও পরিচালকদের মধ্যে কী আলোচনা হয় এবং বাংলা সিনেমার প্রদর্শন নিয়ে কী সমাধানসূত্র বেরিয়ে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা টলিউড।