শুধু ট্যাব বন্ধ করলেই কি নিরাপদ? হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে বিস্ফোরক নির্দেশিকা সাইবার শাখার

আপনি কি প্রায়ই কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-ইন অবস্থায় রেখে দেন? তাহলে সতর্ক করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার অপরাধ দমন শাখা। সংস্থার যুক্তি, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব সক্রিয় অবস্থায় থাকলে তার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যক্তিগত চ্যাটে ঢুকে পড়তে পারে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে এবং ব্যবহারকারীর পরিচয় কাজে লাগিয়ে নানা প্রতারণামূলক কাজ করতে পারে।

ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা আই৪সি (I4C)-এর অধীনস্থ ‘ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট’ তাদের সাম্প্রতিক নির্দেশিকায় জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের সক্রিয় সেশন থাকলে বার্তা, পরিচিতি তালিকা এবং বিভিন্ন গ্রুপ চ্যাট অননুমোদিত ব্যক্তিদের কাছে চলে যেতে পারে। এ ছাড়া অপরাধীরা ব্যবহারকারীর ছদ্মবেশ ধারণ করে বার্তা পাঠাতে পারে এবং বিশ্বস্ত পরিচয়কে হাতিয়ার করে প্রতারণা, ফিশিং বা অন্যান্য জালিয়াতি চালানোর ঝুঁকি থাকে।

শুধু ব্রাউজার বন্ধ করলেই কি শেষ হয় সেশন?

সংস্থাটি সতর্ক করেছে যে, কেবল ব্রাউজারের উইন্ডো বা ট্যাব বন্ধ করে দিলেই হোয়াটসঅ্যাপ ওয়েবের সক্রিয় সেশন শেষ হয়ে যায় না। অননুমোদিত প্রবেশ আটকাতে ব্যবহারকারীদের প্রতিটি কাজের পর নিজে থেকে লগ আউট করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, “তাই ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, একাধিক ব্যক্তির ব্যবহৃত সিস্টেম, পাবলিক কম্পিউটার বা এমন কোনও ডিভাইসে, যা অন্য কারোর নাগালের মধ্যে থাকতে পারে।”

পাশাপাশি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে সংবেদনশীল তথ্য আদান-প্রদান না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা অন্য কোনও সংবেদনশীল তথ্য কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের মাধ্যমে আদান-প্রদান না করাই ভালো।

নিরাপদ থাকতে কী করণীয়?

কেন্দ্রীয় সংস্থাটি সাইবার ক্যাফে, পাবলিক কিওস্ক, হোটেলের বিজনেস সেন্টার, অন্যের কম্পিউটার বা অন্য কোনও অবিশ্বস্ত মাধ্যম থেকে লগ-ইন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। যদি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা একান্তই প্রয়োজন হয়, তবে ‘ইনকগনিটো’ বা ‘প্রাইভেট ব্রাউজিং’ মোড ব্যবহারের কথা বলা হয়েছে।

নির্দেশিকায় অ্যাকাউন্টে অস্বাভাবিক কোনও কার্যকলাপ নজরে এলে সতর্ক থাকতে বলা হয়েছে। যেমন— অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিত বার্তা পাঠানো, পরিচিতদের কাছ থেকে অদ্ভুত উত্তর পাওয়া কিংবা অন্য কোনও সন্দেহজনক গতিবিধি, যা অনুপ্রবেশের ইঙ্গিত দিতে পারে।

এ ছাড়া ডিভাইস, অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং নিরাপত্তা সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার ওপর জোর দিয়েছে সাইবার শাখা। সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল এবং ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাক বা আর্থিক জালিয়াতির আশঙ্কা কমাতে প্রতিটি সেশনের পর ম্যানুয়ালি লগ আউট করা, অপরিচিত কম্পিউটার এড়িয়ে চলা এবং অ্যাকাউন্টের গতিবিধির ওপর নিয়মিত নজর রাখার পরামর্শ দিয়েছে আই৪সি।