কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় মহাগুরু মিঠুনকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই পড়ল পাকাপাকি সিলমোহর। বুধবার রাজ্য সরকারের তরফে সরকারি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হলো, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের নতুন উপদেষ্টা পদে নিযুক্ত হচ্ছেন প্রখ্যাত অভিনেতা তথা বর্ষীয়ান রাজনৈতিক নেতা মিঠুন চক্রবর্তী। সাধারণ কোনো উপদেষ্টা পদ নয়, অত্যন্ত গুরুত্ব দিয়ে তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের মে মাসে রাজ্যে সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন, গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে এবং নির্বাচন জয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন মহাগুরু নিজে। এমনকি গত ৪ সেপ্টেম্বরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, খুব শীঘ্রই সরকারিভাবে মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। কথা রেখেই অবশেষে সেই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
উল্লেখ্য, ছয়ের ও সাতের দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মিঠুন চক্রবর্তী দীর্ঘকাল আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেও, ২০২১ সালের মার্চ মাসে তিনি যোগ দেন বিজেপিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি-র প্রচারের অন্যতম মুখ ছিলেন তিনি। এবার অভিনয় জগতের সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে সরাসরি প্রশাসনিক গুরুদায়িত্ব কাঁধে নিয়ে মহাগুরু কীভাবে রাজ্য সরকারের সংস্কৃতি অঙ্গনকে চালিত করেন, সেটাই এখন দেখার।