“১৫ বছর ধরে নিখোঁজ দুই কিশোর!” পুলিশের ব্যর্থতার পর এবার চাঞ্চল্যকর তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রায় পনেরো বছর আগের একটি রহস্যজনক নিখোঁজ মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় আনল কলকাতা হাইকোর্ট। ২০১১ সালে বেহালা থেকে উধাও হয়ে যাওয়া দুই কিশোরের সন্ধান আজও মেলেনি। স্থানীয় পুলিশ এবং পরবর্তী সময়ে সিআইডিও (CID) এই ঘটনার কোনো কুলকিনারা করতে না পারায় অবশেষে মামলাটির তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নতুন করে আলাদা দুটি এফআইআর (FIR) দায়ের করেও তদন্ত শুরু করতে পারবে কেন্দ্রীয় সংস্থাটি, এমনটাই জানিয়েছে আদালত।

ঘটনার সূত্রপাত ২০১১ সালের ১৮ এপ্রিল। বেহালার একই এলাকার বাসিন্দা উনিশ বছরের দুই কিশোর সুদীপ্ত রায়চৌধুরী ও রাহুল মণ্ডল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। ঘটনার দু’দিন পর ওই দুই কিশোরের পরিবারে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। পরিবারের পক্ষ থেকে সেই টাকা মিটিয়ে দেওয়া সত্ত্বেও নিখোঁজ যুবকদের কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, সেদিন রাহুল ফোন করে সুদীপ্তকে বাইক সংক্রান্ত কোনো একটি বিষয়ে ডেকেছিলেন, যার পর থেকেই দু’জন চিরতরে উধাও হয়ে যান।

পুলিশ ও সিআইডি দফায় দফায় তদন্ত চালালেও এই দীর্ঘ সময়েও ওই দুই তরুণ কোথায় বা কী পরিস্থিতিতে হারিয়ে গেল, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা মেলা দূরে থাক, ন্যূনতম কোনো হদিশই পায়নি তারা। এরপর ২০২০ সালের জুন মাসে সিআইডি এই মামলার তদন্ত বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হয় নিখোঁজ দুই যুবকের পরিবার। আদালতের এই ঐতিহাসিক নির্দেশের ফলে দীর্ঘ পনেরো বছর পর এই রহস্যের জট খুলবে বলেই আশা করছেন পরিবারের সদস্যরা।