“দুই মাস পরই বিয়ে, তার আগেই কপালে গুলি!” প্রেমিক এমন কথা চাচার মুখে বলতেই শিউরে উঠল ঝাঁসি

উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার থেকে অন্য জায়গায় বিয়ের পাকা কথা ঠিক করায় ক্ষুব্ধ হয়ে এক যুবক স্রেফ আক্রোশের বশে নিজের প্রেমিকাকে মাথায় গুলি করে খুন করেছে বলে অভিযোগ। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, খুনের পর পালিয়ে যাওয়ার সময় রাস্তায় নিহতের চাচার মুখোমুখি হয়ে ঘাতক নিজেই ধৃষ্টতার সঙ্গে জানায় যে সে তাঁর ভাইঝিকে মেরে ফেলেছে!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাঁসির সিপ্রি বাজার থানার অন্তর্গত সিদ্ধেশ্বর নগর এলাকায়। নিহত তরুণীর নাম চঞ্চল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, সিদ্ধেশ্বর নগরেরই বাসিন্দা কমলের সঙ্গে চঞ্চলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু দুই পরিবারের কেউই এই সম্পর্কে রাজি ছিল না। এর মধ্যেই পরিবারের পছন্দমতো অন্য এক যুবকের সঙ্গে আগামী ১২ ডিসেম্বর চঞ্চলের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এই খবর কানে আসতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে প্রেমিক কমল।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তরুণী বাড়িতে সম্পূর্ণ একা ছিলেন। এই সুযোগেই অভিযুক্ত কমল পেছনের দেওয়াল টপকে সোজা চঞ্চলের ঘরে প্রবেশ করে এবং কাছে থাকা পিস্তল বের করে সরাসরি তার কপালে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় চঞ্চলের। এরপর ঘাতক সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় কাকতালীয়ভাবে মৃতার চাচা মনু রাইকওয়ারের সামনে পড়ে যায় এবং তাঁকে বলে যে, সে-ই চঞ্চলকে খুন করেছে।

খবর পেয়ে তৎক্ষণাৎ সিপ্রি বাজার থানার পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্ত কমলকে গ্রেপ্তার করার জন্য একাধিক টিম গঠন করে জোরদার তল্লাশি শুরু করেছে।