‘চোখে চোখ রাখা আর মিষ্টি খুনসুটি…’ দুর্গাপুজোর আমেজে কোণঠাসা সব রোম্যান্স! নজর কাড়ছে আরিয়ুন-সোমুর রসায়ন

দুর্গাপুজোর নস্ট্যালজিয়া, গ্রামবাংলার মাটির সোঁদা গন্ধ এবং প্রথম প্রেমের মিষ্টি অনুভূতির নিখুঁত মেলবন্ধনে দর্শকের মন জয় করতে হাজির হয়েছে নতুন রোম্যান্টিক মিউজিক ভিডিয়ো ‘হৃদ মাঝারের ঢেউ’। গত ৭ অক্টোবর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই গানটি সোশাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলে দিয়েছে। তরুণ প্রজন্মের মনে প্রেমের শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার এই গানটির। ‘জিরো ওয়ান স্টুডিওজ’-এর ব্যানারে এবং অনন্ত শ্রীবাস্তবের প্রযোজনায় তৈরি এই মিউজিক ভিডিয়োটিতে অত্যন্ত সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৈশোরের নরম প্রেম ও পুজোর আমেজ।

গানটির কথা লিখেছেন সোমরাজ দাস। প্রেমের মায়া, কোমলতা এবং মনের কোণে জমে থাকা না-বলা অনুভূতিগুলোকে অত্যন্ত সুন্দর ও ছান্দসিক পঙক্তিতে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি, গানটিতে সুর দেওয়ার পাশাপাশি নিজের জাদুকরী কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট গায়ক ও সুরকার দেবরাজ ভট্টাচার্য। তাঁর গায়কী ও সুরের মোক্ষম মূর্ছনা গোটা ভিডিয়োটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।

এই মিউজিক ভিডিয়োর মূল আকর্ষণ অবশ্যই এর কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণাণু ও সুনীতা। এই দুই চরিত্রের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন প্রতিভাবান অভিনেতা আরিয়ুন ঘোষ ও জনপ্রিয় অভিনেত্রী সোমু সরকার। দুর্গাপুজোর উৎসবমুখর ও রঙিন পরিবেশের মধ্যে দিয়েই ধীরে ধীরে কাছাকাছি আসে দুই তরুণ-তরুণী। একে অপরের দিকে হঠাৎ চোখাচোখি হওয়া, মিষ্টি খুনসুটি, প্যান্ডেলে একসঙ্গে সময় কাটানো কিংবা একে অপরের প্রতি ছোট ছোট খেয়াল রাখার দৃশ্যগুলো দর্শকের মনে পুরনো দিনের স্মৃতির চাদর টানে।

ভিডিওটির পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব নিখুঁতভাবে সামলেছেন সম্মান রায়। বাংলার গ্রামীণ সৌন্দর্য, পুজোর আলোকমালা এবং উৎসবের রঙিন আবহকে তাঁর ক্যামেরার লেন্সের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন তিনি। নির্মাতাদের মতে, মানুষের জীবনের অতি সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই যে প্রথম প্রেমের গভীরতম অনুভূতি লুকিয়ে থাকে, সেটাই সেলুলয়েডের পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

একটি চাউনি, সামান্য মানভঞ্জন কিংবা পাশাপাশি হেঁটে চলার কিছু অজান্তেই তৈরি হওয়া মুহূর্ত কীভাবে জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে ওঠে, সেই গল্পই বলে ‘হৃদ মাঝারের ঢেউ’। পুজোর নস্ট্যালজিয়া মাখা এই প্রেমের গান কতটা মানুষের মন ছুঁতে পারে, এখন সেটাই দেখার। মুক্তির পর থেকেই নেটপাড়ায় গানটি নিয়ে চর্চা তুঙ্গে।