ChatGPT দিয়ে অ্যাসাইনমেন্ট বা কন্টেন্ট লিখছেন? সাবধান! ধরা পড়ার নতুন কায়দা আনল OpenAI

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর হাত ধরে বদলে যাচ্ছে কন্টেন্ট তৈরির দুনিয়া। বাণিজ্যিক স্বয়ংক্রিয় কাজের পাশাপাশি দৈনন্দিন লেখালেখি, ছবি কিংবা ভিডিও তৈরিতেও এখন AI-এর বহুল ব্যবহার। তবে ছবি বা ভিডিওর ক্ষেত্রে কোনটি কৃত্রিম আর কোনটি আসল—তা বিভিন্ন টুলস দিয়ে ধরা সহজ হলেও, টেক্সটের (Text) ক্ষেত্রে এতদিন বিষয়টি ছিল বেশ জটিল।
বাজারের বিদ্যমান AI ডিটেক্টর সাইটগুলি প্রায়শই ভুল তথ্য দেয় বলে দাবি বিশেষজ্ঞদের। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে নজিরবিহীন পদক্ষেপ নিল ChatGPT-র উদ্ভাবক সংস্থা OpenAI।
লেখার ভেতরেই থাকবে ‘ওয়াটারমার্ক’!
এখন থেকে OpenAI-এর কোনো মডেল (যেমন- ChatGPT বা Codex) ব্যবহার করে কোনো টেক্সট তৈরি করা হলে, সেই লেখার ভেতর একটি গোপন ‘ওয়াটারমার্ক’ (Watermarking Technology) বা ডিজিটাল ছাপ যুক্ত হয়ে যাবে। এর ফলে যেকোনো ডিজিট্যাল প্ল্যাটফর্ম খুব সহজেই শনাক্ত করতে পারবে লেখাটি মানুষ লিখেছেন, নাকি কোনো AI এজেন্ট তৈরি করেছে।
সম্প্রতি সমাজমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করে OpenAI জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নতুন AI আইন (EU AI Act) মেনে চলার জন্যই তাদের এই প্রযুক্তিগত পরিবর্তন।
ইউরোপ দিয়ে শুরু, বিশ্বজুড়ে চালুর পরিকল্পনা
সংস্থাটি জানিয়েছে, প্রথম পর্যায়ে ইউরোপের ব্যবহারকারীদের জন্য ChatGPT এবং Codex-এর লেখায় এই ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হচ্ছে। পরবর্তীতে API ব্যবহারকারী গ্রাহকরাও সারা বিশ্বজুড়ে তাঁদের সুবিধা মতো এই টেক্সট ওয়াটারমার্কিং প্রযুক্তি সক্রিয় (Turn On) করে নিতে পারবেন।
উল্লেখ্য, প্রতিযোগী সংস্থা ‘অ্যান্থ্রোপিক’ (Anthropic)-এর পরিচালিত Claude AI-তে ইতিমধ্যেই এই ওয়াটারমার্কিং প্রযুক্তি কার্যকর রয়েছে। তবে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা ChatGPT এই ফিচার যুক্ত করার পর, AI দিয়ে লেখা নকল কন্টেন্ট বা জালিয়াতি বন্ধে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।