‘উনি ভেবেছিলেন আবার ফিরে আসবেন!’ নবান্নের ড্রয়ারে কোন গোপন কাগজ রেখে গিয়েছিলেন মমতা? বিস্ফোরক দাবি শুভেন্দুর

পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের সময়কার সেই বহুলচর্চিত ‘ভাঙা পা’ এবং হুইলচেয়ারে প্রচারের ঘটনা কি তবে এবার আইনি ও রাজনৈতিক প্যাঁচে পড়তে চলেছে? ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের প্রচারে পায়ে চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে এখন নতুন করে শোরগোল শুরু হয়েছে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তথ্য ও নথি সামনে এনেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

এদিন সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে একটি চিকিৎসা সংক্রান্ত নথি বা এক্স-রে রিপোর্ট প্রদর্শন করে শুভেন্দু দাবি করেন, ওই নথিতে তৎকালীন সময়ে আসল কোনো ‘ফ্র্যাকচার’ বা হাড় ভাঙার প্রমাণ ছিল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মমতার অত্যন্ত গোপনীয় সেই চিকিৎসা সংক্রান্ত নথি বর্তমান মুখ্যমন্ত্রীর হাতে এল কী করে? এই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক রহস্যময় ও স্মিত হাসি হেসে শুভেন্দু ইঙ্গিত দেন যে, ক্ষমতার পালাবদলের সময় নবান্নের দপ্তরের ড্রয়ারেই বহু ফাইল বা কাগজ গুছিয়ে রেখে যাওয়া হয়েছিল। পরোক্ষভাবে তিনি বোঝাতে চেয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন তাঁরাই ফের ক্ষমতায় ফিরবেন, আর সেই কারণেই হয়তো গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি দপ্তর থেকেই গিয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে পায়ে প্লাস্টার করা অবস্থায় মমতার সেই ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগান রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক মাত্রা পেয়েছিল। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর বর্তমান সরকারের তরফে সেই চিকিৎসা সংক্রান্ত ফাইলের সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের ইঙ্গিত দেওয়ায় শাসক-বিরোধী তরজা ফের চরম আকার ধারণ করেছে।

Pratik Saha
  • Pratik Saha