কালই সংসদ ঘেরাওয়ের ডাক! এসআইআর ও সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজোড়া আন্দোলনের হুংকার কংগ্রেসের

এসআইআর (SIR) বিতর্ক এবং প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক পারদ চড়িয়ে দেশজুড়ে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিল কংগ্রেস। সোমবার নয়াদিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের উপস্থিতিতে রাজ্য সভাপতি ও ইন-চার্জদের নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ভোট চুরির বিরুদ্ধে দেশব্যাপী এক আক্রমণাত্মক ও ধারাবাহিক প্রচার অভিযান শুরুর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপাল অত্যন্ত আক্রমণাত্মক সুরে নির্বাচন কমিশন ও সিইসি-র সমালোচনা করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার দেশবাসীকে বিভ্রান্ত করছেন। তাঁরা এক কথা বলে বাস্তবে সম্পূর্ণ অন্য কাজ করছেন। আমরা কিছুতেই তা বরদাস্ত করব না। তাঁরা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না।”

ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে মেগা প্রটেস্ট কেসি ভেনুগোপাল আরও জানান, ‘ভোট বাঁচান, দেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) সমস্ত শরিক দলকে সঙ্গে নিয়ে দেশজুড়ে এক সুসংহত ও জোরালো প্রতিবাদ কর্মসূচি রূপায়ণ করা হবে। এই আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বাইক ও সাইকেল র‍্যালির মতো কর্মসূচি পালিত হবে। এমনকি আগামী কালই সংসদ ভবন ঘেরাও করার মতো বিস্ফোরক কর্মসূচি ঘোষণা করেছে হাত শিবির। বিরোধী দলগুলির এই লাগাতার হুঙ্কারে জাতীয় রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha