সংসদে তৃণমূলের বড় খরা! হাতছাড়া স্ট্যান্ডিং কমিটির পদ, অভিষেকের আবেদন উড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার পেলেন কোন দায়িত্ব?

সংসদের বিভাগ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে (Parliamentary Standing Committee) হওয়া মেগা রদবদলে বড়সড় ধাক্কা খেল মমতার তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের যৌথ উদ্যোগে এই কমিটিগুলি পুনর্গঠিত হওয়ার পরই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এর জেরে হাতছাড়া হয়ে গেল সার ও রাসায়নিক বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদটি, যা এতদিন ঘাসফুল শিবিরের দখলেই ছিল। এই পদে এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন টিএমসি সাংসদ কীর্তি আজাদ। এবার তাঁর স্থলাভিষিক্ত করা হলো আর এক চর্চিত মুখ কাকলি ঘোষ দস্তিদারকে।

অভিষেকের আর্জি খারিজ ও রাজনৈতিক সমীকরণ: সম্প্রতি তৃণমূল ছেড়ে ‘এনসিপিআই’ (NCPI)-তে যোগ দেওয়া বিক্ষুব্ধ সাংসদদের যাতে কোনো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে জায়গা দেওয়া না হয়, সেই মর্মে লোকসভার স্পিকারের কাছে কড়া আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূলের জন্য আগের মতো একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ বজায় রাখারও অনুরোধ করেছিলেন তিনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে।

খাতায়-কলমে এখনও তৃণমূল সাংসদ হিসেবেই পরিচিত থাকলেও, সাম্প্রতিক সময়ে এনসিপিআই-এর সঙ্গে নাম জড়ানো কাকলি ঘোষ দস্তিদারের কাঁধেই এই সার ও রাসায়নিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরের অন্দরের এই ক্ষমতার লড়াই এবং সাংসদদের দলবদলের আবহে সংসদের অন্দরের এই বড় রদবদল জাতীয় রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Pratik Saha
  • Pratik Saha