২০৭০ সালেও ভারতে তিন-চতুর্থাংশের বেশি হিন্দু! পিউ রিসার্চের রিপোর্টে বড় চমক

আগামী প্রায় পাঁচ দশক ধরে ভারতে হিন্দুরাই ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ থাকবেন, যদিও দেশের ধর্মভিত্তিক জনসংখ্যার গঠনে ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। ২০৭০ সালে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার ছবি কী রকম হতে পারে, তার একটি পূর্বাভাস তুলে ধরেছে পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণা।
ওই রিপোর্ট অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠবে এবং ভারত থাকবে দ্বিতীয় স্থানে। পাশাপাশি বাংলাদেশেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে অনুমান করা হয়েছে।
জনসংখ্যার অনুপাত ও প্রজনন হারের হিসাব
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস বলছে, ২০৭০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৬ শতাংশ হবেন হিন্দু ধর্মাবলম্বীরা, আর মুসলমানদের অংশ ১৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ২০ শতাংশে। তুলনায় ২০২০ সালে ভারতে হিন্দুদের হার ছিল ৭৯ শতাংশ।
এই পরিবর্তনের নেপথ্যে মূলত বয়স ও প্রজনন হারের পার্থক্য কাজ করবে বলে জানিয়েছে গবেষণাটি। ভারতীয় মুসলমানদের গড় বয়স হিন্দুদের তুলনায় কম এবং গড়ে তাঁদের সন্তান সংখ্যাও বেশি। পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম নারীদের ক্ষেত্রে গড়ে ২.৩টি এবং হিন্দু নারীদের ক্ষেত্রে গড়ে ১.৮টি সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে ভারতীয় মুসলমানদের গড় বয়স ছিল ২৪ বছর, যেখানে হিন্দুদের গড় বয়স ছিল ২৯ বছর।
কী বলছেন গবেষক ও জনসংখ্যাবিদরা?
পিউ রিসার্চ সেন্টারের স্টেফানি ক্রেমার বলেন, “ভারতে ধর্মীয় জনসংখ্যায় যে পরিবর্তন হবে, আমাদের ধারণা যে, সেটা পুরোপুরিই চালিত হবে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা জনবিন্যাসগত পার্থক্যের মাধ্যমেই, যেখানে মুসলিমরা বয়সে তরুণ এবং তাদের প্রজনন হার বেশি।” তাঁর মতে, প্রজনন হারের ব্যবধান আগের তুলনায় অনেকটাই কমেছে এবং হিন্দুদের প্রজনন হার ইতিমধ্যেই রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন স্তরের নিচে নেমে গেছে; অন্যদিকে মুসলমানদের প্রজনন হার আরও দুই দশক ওই স্তরের ওপরে থাকতে পারে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ কেএস জেমস এই পূর্বাভাসকে অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “মুসলিম ও হিন্দুদের মধ্যে প্রজনন হারের ব্যবধান তো সুপ্রতিষ্ঠিত তথ্য এবং এর অর্থ হলো আগামী কয়েক দশক মুসলিম জনসংখ্যার বৃদ্ধি দ্রুততরই থাকবে। কিন্তু সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই প্রজনন হার কমছে এবং এই ব্যবধান আরও কমে আসার প্রত্যাশা রয়েছে।” তিনি আরও জানান, শেষ পর্যন্ত দুই সম্প্রদায়ের প্রজনন হার একটি জায়গায় চলে আসবে এবং এই তথ্য ভারতের জনসংখ্যাগত ধারাবাহিকতায় কোনও নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয় না।
দক্ষিণ এশিয়ার চিত্র ও সীমাবদ্ধতা
গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতের হিন্দু জনসংখ্যা ১৭.৬ কোটি বাড়বে এবং দেশের জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি অংশ হিন্দুরাই থাকবেন। ধর্মান্তরকরণের ফলে জনসংখ্যার নাটকীয় পরিবর্তনের যে দাবি বিভিন্ন মহলে ওঠে, জনসংখ্যাবিদদের মতে তার পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ নেই এবং এই পূর্বাভাসে তেমন কোনও উদ্বেগজনক চিত্রও মেলেনি।
দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে রিপোর্টে অনুমান করা হয়েছে, ২০৭০ সালের মধ্যে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৬.১ কোটিতে পৌঁছাতে পারে। ভারত ৩৩.৪ কোটি মুসলিম জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে এবং বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ২১.৮ কোটিতে পৌঁছাতে পারে। বিশ্বজুড়ে ভারত ও নেপালই দুটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে থাকবে।
২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর গতিপ্রকৃতি বিশ্লেষণ করেছে পিউ রিসার্চ সেন্টার। তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এগুলো জনসংখ্যাগত পূর্বাভাস মাত্র; যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা বড় ধরনের সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের মতো বিষয়গুলি এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়নি।