১০ বছরের বয়সের ফারাক থেকে পরিবারের অমত! চর্চিত বিচ্ছেদ নিয়ে বিগ বসের ঘরে বিস্ফোরক উদিতি সিং

‘বিগ বস ২০’-এর ঘর এখন একের পর এক বিস্ফোরক সব তথ্যে জমজমাট। রিয়্যালিটি শোয়ের অন্দরে নিজের ব্যক্তিগত জীবন ও প্রাক্তন প্রেমিক করণ ওয়াহির সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ খুলে এবার শোরগোল ফেলে দিলেন উদিতি সিং। শোয়ের অন্দরে আড্ডায় তিনি জানিয়েছেন, করণের সঙ্গে ব্রেকআপ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং এই বিচ্ছেদকে তিনি নিজের জন্য ‘শাপে বর’ বলেই মনে করছেন।
উদিতি ও করণের প্রেমকাহিনি একসময় পেজ থ্রি-র শিরোনামে থাকত। তাঁদের বয়সের ১০ বছরের ফারাক এবং দুই পরিবারের আপত্তি নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। এবার শোয়ের অন্দরে সেই সব পুরনো অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
ব্রেকআপের নেপথ্য কারণ স্পষ্ট করতে গিয়ে উদিতি জানান, প্রাক্তন জুটির একটি গোল্ডেন রিট্রিভার কুকুর ছিল। কিন্তু সেই পোষ্যের দেখভাল ও ঘরের ছোটখাটো পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েই তাঁদের মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। দুজনের চিন্তাভাবনার ফারাকই দূরত্ব তৈরি করেছিল। শুধু তাই নয়, করণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে উদিতি জানান, অভিনেতা তাঁকে উৎসাহ দেওয়ার বদলে উল্টে ডিমোটিভেট করতেন। তিনি যে নিজের জীবনে অনেক কিছু করতে সক্ষম, সেই আত্মবিশ্বাসটুকুও বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করতেন করণ।
এর আগে পরিবারের আপত্তির প্রসঙ্গ টেনে উদিতি জানিয়েছিলেন, বয়সের ব্যবধান এবং মেয়ের কোনো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ানো—কোনোটিই মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। করণের সঙ্গে দেখা করতে লন্ডন থেকে মুম্বই ছুটে আসতেন তিনি, আর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখেই পরিবারের লোকজন এই সম্পর্কের কথা জানতে পারে।
বর্তমানে সলমন খানের সঞ্চালনায় কালার্স টিভিতে প্রতিদিন রাত সাড়ে ১০টায় এবং জিও হটস্টারে রাত ৯টা থেকে সম্প্রচারিত হওয়া ‘বিগ বস ২০’-এর ঘরে উদিতির এই নতুন স্বীকারোক্তি নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা তুঙ্গে।