ভোটার তালিকা সংশোধনে বড় আপডেট, বুথে কবে থাকবেন BLO-রা? প্রকাশ্যে দিনক্ষণ

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (SSR) নতুন সময়সূচি ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পশ্চিমবঙ্গে ‘স্পেশাল সামারি রিভিশন’ বা এসএসআর প্রক্রিয়ার আওতায় খসড়া ও চূড়ান্ত—উভয় ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে পরের বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ পাবেন নাগরিকেরা। জমা পড়া সেই দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে। তারপরই ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পাশাপাশি, ভোটকেন্দ্র বা বুথ পুনর্বিন্যাসের কাজ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রচার অভিযানের দিনও নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি—এই দিনগুলিতে ভোটারদের সচেতন করার জন্য রাজ্যের সর্বত্র প্রচার অভিযান চলবে। নির্ধারিত ওই দিনগুলিতে সংশ্লিষ্ট বুথে উপস্থিত থাকবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্পেশাল সামারি রিভিশনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছিল, আগামী ১ জানুয়ারিকে কোয়ালিফাই ডেট বা নির্ণায়ক তারিখ ধরে ধাপে ধাপে এই এসএসআর প্রক্রিয়া চলবে।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। যাঁরা আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি ১৮ বছর বয়সে পা দেবেন, তাঁরা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। পাশাপাশি, ২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর যে সমস্ত নাগরিক যোগ্যতা অর্জন করবেন, তাঁরাও অগ্রিম আবেদন জমা দিতে পারবেন।