কেনিয়া বনাম ইথিওপিয়া হাড্ডাহাড্ডি লড়াই! পৌষের সকালে কলকাতার পথে বিশ্বসেরা অ্যাথলিটরা

পৌষের শীতে তিলোত্তমা কলকাতা ফের প্রস্তুত বিশ্বসেরা অ্যাথলিটদের দৌড় দেখতে। তালিকায় যখন কেনিয়ার ইসাইয়াহ কিপকোয়েচ লাসোই, ইথিওপিয়ার ডেগিটু আজিমেরাওয়ের মতো তারকাদের নাম থাকে, তখন বাড়তি আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। আগামী ২০ ডিসেম্বর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার একাদশ সংস্করণে দৌড়বেন এমনই সব বিশ্বসেরা অ্যাথলিট।

প্রতিবছরই বিশ্বের নামজাদা দৌড়বিদরা অংশ নিয়ে থাকেন ২৫ কিলোমিটারের এই প্রতিযোগিতায়। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পুরুষ বিভাগে কেনিয়ার ইসাইয়াহ কিপকোয়েচ লাসোই এবং মহিলা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার ডেগিটু আজিমেরাও অংশ নিচ্ছেন এবারের আসরে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের তরফে গোল্ড লেবেল স্বীকৃত এই প্রতিযোগিতায় এবারের পুরস্কারমূল্য ১ লক্ষ ৭৪ হাজার ২৯৬ মার্কিন ডলার। পুরুষ বিভাগে দ্রুততম লাসোইয়ের ব্যক্তিগত সেরা সময় ৫৮ মিনিট ১০ সেকেন্ড; এ বছর আমস্টারডাম ম্যারাথনে ২ ঘণ্টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। তবে ‘সিটি অব জয়’ কলকাতায় প্রথমবার ২৫ কিলোমিটার দৌড়ে নামবেন কেনিয়ার এই তারকা।

তাঁর সঙ্গে লড়াইয়ে থাকবেন ২০২৪ সালের চ্যাম্পিয়ন উগান্ডার স্টিফেন কিসা। এছাড়াও রয়েছেন তানজানিয়ার গ্যাব্রিয়েল গিয়াই এবং কেনিয়ার ব্রায়ান কিবর আকোটির ও জেমস কিপকোগেই। মহিলা বিভাগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবেন আজিমেরাও। গত বছর ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এ বছর তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন কেনিয়ার পেরেস জেপচিরচির ও বিট্রিস চিপকোয়েগ। জেপচিরচিরের হাফ ম্যারাথনে ব্যক্তিগত সেরা সময় ১ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড। লড়াইয়ে রয়েছেন উগান্ডার স্টেলা চেসাং এবং ইথিওপিয়ার মেসেলেচ আলেমায়েহুও।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে রেকর্ড সময় ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ড। তিন বছর আগে ২০২৩ সালে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেনিয়ো এই রেকর্ড গড়েছিলেন। মহিলা বিভাগে ইথিওপিয়ার সুতুমে কেবেদের দখলে রয়েছে নজির; তিনি সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ড। এবার সেই রেকর্ড ভাঙাই আন্তর্জাতিক অ্যাথলিটদের অন্যতম লক্ষ্য। সবমিলিয়ে ২০ ডিসেম্বর ভোরে কলকাতার পথে কেনিয়া বনাম ইথিওপিয়ার এই লড়াই অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।