ইলেকট্রিক কেটলি পরিষ্কার করার সঠিক পদ্ধতি, জেনে নিন এই টিপস

বাড়িতে বা হোস্টেলে আমরা অনেকেই জল গরম বা চা অথবা ম্যাগি বানাতে ইলেকট্রিক কেটলির ব্যবহার করে থাকি। এর ব্যবহার খুবই সহজ। গ্যাসের উপর বারবার বাসন রাখার ঝামেলা এড়াতে চান অনেকেই। তাদের জন্য অত্যন্ত উপকারী এই কেটলি।
প্রায়ই নারীরা মনে করেন, এই ধরনের কেটলিতে বেশিরভাগ জল গরম করা হয়, যার কারণে এটি খুব বেশি পরিষ্কার করার দরকার নেই। তবে এই কেটলিটিও নিয়মিত পরিষ্কার করা উচিত, অন্যথায় এতে জলের দাগ দেখা যায়। তাই ঠিক মতো পরিষ্কার না করলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।
কীভাবে পরিষ্কার করবেন কেটলি-
১. এক কাপ জলে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। কেটলিতে ঢেলে বেশ কিছুক্ষণ ওই জল টি ফুটিয়ে নিলে ভিতরের অংশটি একদম পরিষ্কার হয়ে যাবে। জল ফুটে গেলে সেটি ফেলে না দিয়ে একটু ঠান্ডা হলে, বাইরের অংশটিও পরিষ্কার করে নিতে পারেন।
২. ভিনিগার ইলেকট্রিক কেটলি পরিষ্কার করার ভালো উপকরণ। ২ কাপ জলে বেশ কিছুটা সাদা ভিনিগার মিশিয়ে তা কেটলিতে ঢেলে দিন। ভিনিগার মেশানো জল ফুটতে দিন বেশ কিছুক্ষণ। তারপর পরিষ্কার জল দিয়ে কেটলিটি আরও এক বার ধুয়ে নিন।
৩. লেবুর রসের অ্যাসিডিক উপাদান শুধু জিনিসপত্র পরিষ্কার করে না, সুন্দর গন্ধও যোগ করে। এক কাপ জলে একটি লেবুর রস মিশিয়ে তা ইলেকট্রিক কেটলিতে ফুটিয়ে নিন। তারপর সেই জল ফেলে দিন।
৪.কেটলির ভিতরটা পরিষ্কারের জন্য সাবান জলের সাহায্য নিতে পারেন। নরম স্পঞ্জ দিয়ে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে, কেটলির মধ্যে কোনো ঘষাঘষির দাগ না পড়ে যায়। উষ্ণ গরম জলে সাবান দিয়ে নরম স্পঞ্জের সাহায্যে কেটলির বাইরেটাও পরিষ্কার করে নিতে পারেন।
তবে বৈদ্যুতিক কেটলি পরিষ্কারের আগে তা পরিষ্কারের বিধি দেখে নিন। কোনো কোনো সংস্থা কেটলির ভিতরে সাবান ব্যবহারের পক্ষপাতী নয়। গরম জল দিয়ে তা পরিষ্কার করতে বলা হয়।