হাতকাটা পোশাকে গান গাওয়ার চরম শাস্তি! কোমে ৭৪ বেতের ঘা পড়ল গায়িকার পিঠে

নিজের ইউটিউব চ্যানেলে গান গেয়েছিলেন, কিন্তু মাথায় ছিল না হিজাব এবং পরনে ছিল হাতকাটা পোশাক। আর তাতেই নেমে এল চরম শাস্তি। ইরানের জনপ্রিয় গায়িকা পরস্তু আহমাদিকে কোম শহরে ৭৪টি বেত্রাঘাত করা হয়েছে বলে খবর। রেহাই পাননি তাঁর গানের দলের চার পুরুষ সদস্যও; প্রত্যেকের পিঠেই পড়েছে ৭৪টি করে বেতের ঘা।
কী ঘটেছিল সেই শিল্পীর সঙ্গে?
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। ইরানের শরিয়া-ভিত্তিক আইন অনুযায়ী, প্রকাশ্যে নারীদের গান গাওয়া নিষিদ্ধ এবং বয়ঃসন্ধির পর চুল ঢাকতে হিজাব ও লম্বা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম না মেনে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে হিজাব ছাড়াই গান গেয়েছিলেন পরস্তু। এ ঘটনায় গত জুন মাসে কোমের একটি আদালত পরস্তুসহ আরও আটজনকে দোষী সাব্যস্ত করে। অভিযোগ আনা হয়, অশ্লীল কনটেন্ট ছড়িয়ে মানুষের রুচিতে আঘাত করেছেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন অভিযুক্তরা। আদালত তাঁদের ৭৪টি করে বেত্রাঘাতের সাজা শোনায় এবং পাশাপাশি দুই বছরের জন্য গান-বাজনা, ভিডিও তৈরি ও দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
আইনজীবীদের চেষ্টা ব্যর্থ, কার্যকর সাজা
গত সেপ্টেম্বরের শেষে উচ্চ আদালতে আবেদন করেও সুরাহা মেলেনি; সাজা বহাল থাকে। আইনজীবী মুস্তফা নিলি ও তাঁর সহযোগীরা সাজা কমানো বা অন্তত স্থগিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালালেও সাজা কার্যকর করার দফতর তা মানেনি। সোমবার কোমে সংশ্লিষ্ট দফতরের তৃতীয় শাখায় ডেকে পাঠানো হয় তাঁদের। সংস্কারপন্থী দৈনিক ‘এতেমাদ’ জানিয়েছে, সেখানেই পরস্তুর পাশাপাশি তিন বাদ্যযন্ত্রী সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং প্রযোজক মহসেন লশকরিকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়।
ক্ষোভে ফুঁসছে মানবাধিকার মহল
একজন শিল্পীকে এভাবে বেত্রাঘাত করার ঘটনায় আন্তর্জাতিক মহল ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র নিন্দা শুরু হয়েছে। ইরানের অন্যান্য শিল্পী ও মানবাধিকার কর্মীদের মতে, এটি নিষ্ঠুর ও অমানবিক শাস্তি, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমেরিকার মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর অধিকর্তা বাহার গান্দেহারি এই ঘটনার কড়া সমালোচনা করে বলেন, নিজের ইচ্ছেমতো গান গাওয়া ও পোশাক পরার কারণে এই শাস্তি মূলত নারীদের স্বাধীনতা খর্ব করা এবং বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ভয় দেখানোর প্রয়াস।
ইরানে বিক্ষোভ ও ক্রমবর্ধমান মৃত্যুদণ্ডের চিত্র
ইরানে হিজাব ইস্যুতে অসন্তোষ নতুন নয়। ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব ঠিকমতো না পরার অভিযোগে তেহরানে পুলিশের হাতে আটক হন ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে বহু নারী প্রকাশ্যে হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানান। সেই আন্দোলনে নিরাপত্তাবাহিনীর অভিযানে কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে এবং এরপর থেকেই অনেক নারী প্রকাশ্যে হিজাব পরা বর্জন করেন; প্রশাসন পাল্টা গ্রেফতার, হুঁশিয়ারি ও দোকানপাট বন্ধের মতো পদক্ষেপ নেয়।
পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে আর্থিক সংকটের জেরে ইরানে বড়সড় আন্দোলন হয়, যাতে কয়েক হাজার মানুষের মৃত্যু এবং বহু মানুষের গ্রেফতারের ঘটনা ঘটে। নরওয়েভিত্তিক সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর মৃত্যুদণ্ড কার্যকরের হার আরও বেড়েছে। সংস্থাটির দাবি, জানুয়ারির আন্দোলনে যুক্ত ৩৯ জন পুরুষ ও ২০২২-এর আন্দোলনের দু’জনের মৃত্যুদণ্ড হয়েছে; এ ছাড়া নিষিদ্ধ বিরোধী দলের ১৬ জন এবং গুপ্তচরবৃত্তির দায়ে ১৭ জনের ফাঁসি কার্যকর হয়েছে। পাশাপাশি জানুয়ারিতে আটক হওয়া ৬ নারী ও ৫ কিশোরসহ আরও ১২১ জন বর্তমানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।