‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানকে কারিগরি সাহায্য চিনের? মার্কিন রিপোর্টে বড় তথ্য

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও উত্থানকে রুখতে বেজিং বহুমুখী কৌশল নিয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ কমিটির বার্ষিক রিপোর্টে। সীমান্তে সামরিক চাপ, পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সখ্যতা এবং শিল্পক্ষেত্রে কাঁচামাল ও প্রযুক্তির জোগান নিয়ন্ত্রণ করে নয়াদিল্লিকে চাপে রাখার চেষ্টা চালাচ্ছে চিন। ‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ বা ইউএসসিসি (USCC)-এর ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
‘চায়না’স আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অফ ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মার্কিন সামরিক জোটের বাইরে ভারতই অন্যতম প্রধান শক্তি, যার একার পক্ষে চিনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। রিপোর্টের মতে, শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বিশ্বজুড়ে চিনা উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) এক গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে। বেজিং এই বাস্তবতা ভালোভাবেই বোঝে এবং সেই কারণেই বিভিন্ন ক্ষেত্র থেকে ভারতের অগ্রগতি থামিয়ে দিতে সক্রিয় রয়েছে।
মার্কিন প্যানেলের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতকে চাপে রাখতে অর্থনৈতিক হাতিয়ারও ব্যবহার করছে চিন। গুরুত্বপূর্ণ শিল্প উপাদান, প্রযুক্তি ও কারিগরি দক্ষতার ওপর নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পথে বাধা তৈরি করা হচ্ছে এবং জরুরি পণ্যের রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
এর পাশাপাশি পাকিস্তানকে চিনের সামরিক ও কারিগরি সহায়তা নিয়েও রিপোর্টে গুরুত্ব দেওয়া হয়েছে। পহেলগামে জঙ্গি হামলার পর ভারত যে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল, ২০২৫ সালের মে মাসের সেই ভারত-পাক সংঘাতের প্রসঙ্গ রিপোর্টে উঠে এসেছে। কমিশনের মতে, এই সংঘাত দেখিয়ে দিয়েছে যে সরাসরি যুদ্ধে না জড়িয়েও সংকটের সময় চিন কীভাবে পাকিস্তানকে সামরিকভাবে সহায়তা করতে পারে। রিপোর্টে কারিগরি সহায়তা ও সম্ভাব্য গোয়েন্দা সহযোগিতার পাশাপাশি চিনা অ্যাভিক (AVIC) কর্মীদের ঘটনাস্থলে কারিগরি সহায়তার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে, যদিও গোয়েন্দা বা স্যাটেলাইট সহায়তার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানানো হয়েছে। চিন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের সামনে ‘দুই ফ্রন্টে’ সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে বলে সতর্ক করেছে প্যানেল।
স্থলভাগের পাশাপাশি ভারত মহাসাগরেও চিনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের কাছাকাছি চিনা নৌবাহিনী ও গবেষণা জাহাজের তৎপরতা ভারতের কৌশলগত সুবিধা খর্ব করতে পারে বলে মনে করছে কমিশন। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর পরিকাঠামোয় চিনের বিনিয়োগকেও ভারতের আঞ্চলিক প্রভাব কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় মার্কিন কংগ্রেসকে একাধিক সুপারিশ করেছে ইউএসসিসি। ভারত মহাসাগরে চিনা ডুবোজাহাজ ও রণতরীর গতিবিধির ওপর যৌথ নজরদারি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমুদ্রতলের নজরদারি বাড়াতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের বিকল্প গড়ে তোলা এবং দুই দেশের মধ্যে কৌশলগত নেতৃত্ব বিনিময় কর্মসূচি চালুর প্রস্তাবও রাখা হয়েছে রিপোর্টে।