হলফনামা ভিডিয়ো বিতর্ক: কালনার পর এবার লালবাজারেও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, বাড়ছে চাপ?

জাল হলফনামা তৈরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া ভিডিয়ো বিতর্কে এ বার কালনা থানার পর লালবাজারেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। কলকাতা পুলিশের সদর দফতরের সাইবার সেলে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী শনিবার এই অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ করা ভিডিয়োগুলি সম্পূর্ণ ভুয়ো এবং জালিয়াতির মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। ওই ভিডিয়োগুলির প্রকৃত সত্যতা খতিয়ে দেখে যথাযথ তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার এক সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর দাবি ছিল, পুলিশের একাংশকে কাজে লাগিয়ে থানার ভিতরে ভুয়ো হলফনামা তৈরি করা হয়েছে এবং সেই নথিতে স্বাক্ষর করিয়ে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। সিভিক ভলান্টিয়ার, এএসআই, সাব-ইন্সপেক্টর থেকে অতিরিক্ত ওসি পদমর্যাদার পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক দল ভাঙাতে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এবং গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলেও তোপ দাগেন তৃণমূল সাংসদ।

যদিও অভিষেকের তোলা অভিযোগ ও ভিডিয়োর সত্যতা মানতে নারাজ পুলিশ। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাংবাদিক বৈঠকে দেখানো কিছু ভিডিয়ো ক্লিপ জাল ও বিকৃত। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন কর্মী জাল হলফনামা তৈরিতে যুক্ত—ভিডিয়োতে এমনটাই দেখানো হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে দাবি পুলিশের।

এই ঘটনার জেরেই প্রথমে অভিষেকের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের হয়। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রাজ্য সাইবার ক্রাইম উইং। সেই ঘটনার রেশ এ বার লালবাজারের সাইবার সেলেও গড়াল।