গলফ জিটিআই-এর ৫০ বছর পূর্তিতে বিশেষ সংস্করণ! মাত্র ১,৯৭৬ ইউনিট তৈরি করবে ভক্সওয়াগন!

বিখ্যাত গলফ জিটিআই (Golf GTI)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণ আনল ভক্সওয়াগন (Volkswagen), যার নাম দেওয়া হয়েছে ‘গলফ জিটিআই ১৯৭৬’ (Golf GTI 1976)। বিশ্বজুড়ে এই লিমিটেড এডিশন গাড়ির মাত্র ১,৯৭৬টি ইউনিট তৈরি করা হবে এবং ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে ইউরোপের বাজারে বিক্রি শুরু হবে, যার উৎপাদন শুরু হবে জার্মানির ওলফসবুর্গে অবস্থিত ভক্সওয়াগন প্ল্যান্টে।
নতুন গলফ জিটিআই ১৯৭৬ মডেলের ২.০ লিটারের ৪-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন ৩২৫ এইচপি (hp) শক্তি এবং ৩৮০ এনএম (Nm) টর্ক উৎপন্ন করে, যার সঙ্গে যুক্ত রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। বর্তমান গলফ জিটিআই লাইনআপে একমাত্র এই মডেলেই ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে; এর শক্তি গলফ জিটিআই এডিশন ৫০-এর সমান এবং বর্তমান গলফ জিটিআই ক্লাবস্পোর্ট (Clubsport)-এর চেয়ে ২৪ এইচপি বেশি, যদিও ৪২০ এনএম-এর বদলে টর্ক রাখা হয়েছে ৩৮০ এনএম কারণ ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সর্বোচ্চ ৩৮০ এনএম টর্কই সামলাতে পারে, আর বেশি শক্তির সঙ্গে ম্যানুয়াল গিয়ারবক্স চাওয়া ভক্তদের কথা মাথায় রেখেই গাড়িটি তৈরি করা হয়েছে।
নিয়ন্ত্রণের সুবিধার জন্য এতে অ্যাডাপ্টিভ চ্যাসিস কন্ট্রোল বা ডিসিসি (DCC), ইলেকট্রনিক ফ্রন্ট ডিফারেন্সিয়াল লক এবং প্রগ্রেসিভ স্টিয়ারিং স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে রয়েছে, পাশাপাশি ক্লাবস্পোর্ট-এর স্পেশাল ড্রাইভিং প্রোফাইলও যুক্ত হয়েছে যা জার্মানির নিউরবুরগ্রিং নর্ডশ্লাইফ (Nürburgring Nordschleife) ট্র্যাক অনুযায়ী ইঞ্জিন, স্টিয়ারিং ও সাসপেনশন সাজায়। ঐচ্ছিক জিটিআই পারফরম্যান্স প্যাকেজে থাকছে হালকা আর-পারফরম্যান্স এগজস্ট সিস্টেম, টাইটানিয়াম টেলপাইপ, ১৯ ইঞ্চির ওয়ারমেনাউ (Warmenau) ফোর্জড অ্যালয় হুইল এবং ক্লাবস্পোর্ট-এর চেয়ে ৫ মিমি নিচু পারফরম্যান্স সাসপেনশন ও শক্তিশালী মাউন্টিং ও হুইল ক্যারিয়ার।
বাইরের দিকে ফ্রন্ট স্প্লিটারে লাল স্ট্রিপ ও ‘জিটিআই ১৯৭৬’ ব্যাজিং, ছাদের স্পয়লার ও সাইড মিররে বিশেষ গ্রাফিক্স, গাঢ় রঙের ভক্সওয়াগন লোগো ও পেছনের জানালার ব্যাজ এবং ১৯ ইঞ্চির কুইন্সটাউন (Queenstown) অ্যালয় হুইল থাকছে; গাড়িটি পিওর হোয়াইট, গ্রেনাডিলা ব্ল্যাক মেটালিক ও টর্নাডো রেড—এই তিন রঙে পাওয়া যাবে। কেবিনে থাকছে গলফ বলের আদলে গিয়ার নব, নতুন জিটিআই স্পোর্ট সিট, পেছনের বাইরের আসনে লাল সিট বেল্ট, লাল অ্যাক্সিলারেটর প্যাডেল, আর্টভেলোর ফিনিশের মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড ও সামনের দরজায় কার্বন ফিনিশ এবং ‘ওয়ান অফ ১৯৭৬’ লেখা বিশেষ প্লেট।