১ ডিসেম্বরের মধ্যে ৪.৫ লক্ষ টাকা জোগাড়ের চাপ, রেডিটে কী পরামর্শ দিলেন নেটিজেনরা?

বেঙ্গালুরুতে কর্মরত ২৪ বছর বয়সি এক যুবক চাকরি হারানোর পর পরিবার ও নিজের ভবিষ্যতের মধ্যে কঠিন অগ্রাধিকার নির্ধারণের চাপে পড়েছেন বলে খবর। একদিকে আয় বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে, অন্যদিকে কোভিড মহামারির সময় বাবার ব্যবসায় ক্ষতির জেরে জমে থাকা ১৬ মাসের হোম লোনের বকেয়া কিস্তির কারণে পরিবারের বাড়ি হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জমা দিতে না পারলে বাড়ি দখলের নোটিস কার্যকর হতে পারে, ফলে নিজের কষ্টার্জিত প্রায় ৪ লক্ষ টাকার সঞ্চয় নিয়ে বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছেন তিনি।
রেডিট বা Reddit-এর ‘r/IndiaFinance’ কমিউনিটিতে নিজের সমস্যার কথা তুলে ধরে ওই যুবক জানান, ছাঁটাইয়ের ফলে আগের দিনই তাঁর শেষ কর্মদিবস ছিল এবং গত এক মাস ধরে নতুন কাজের চেষ্টা করেও এখনো সাফল্য পাননি। তাঁর সঞ্চয়ে থাকা প্রায় ৪ লক্ষ টাকা পুরোপুরি ব্যবহার করা সহজ নয়, কারণ তাঁর কাঁধে এডুকেশন লোন ও পার্সোনাল লোনের বোঝা রয়েছে, পাশাপাশি হেলথ ইনস্যুরেন্স, ছোট ভাইয়ের কলেজের ফি এবং অন্যান্য পারিবারিক খরচও সামলাতে হচ্ছে। বাইক কেনা ও বিদেশ ভ্রমণের মতো নিজের স্বপ্নগুলো এখন থমকে গেছে বলে জানান তিনি।
পরিবারের বাড়ি বাঁচাতে প্রায় পুরো সঞ্চয় ঢেলে দেওয়ার কথা ভাবলেও আয়হীন অবস্থায় নতুন চাকরি পেতে কয়েক মাস লাগলে কীভাবে নিজের খরচ চলবে, তা নিয়ে শঙ্কিত ওই যুবক। খরচ কমাতে বেঙ্গালুরু ছেড়ে নিজের শহরে ফেরার কথাও ভাবছেন তিনি, এবং মানসিক ক্লান্তির কথা উল্লেখ করে লিখেছেন যে পরিবারকে ভালোবাসলেও সব সঞ্চয় শেষ হয়ে গেলে ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তিত।
তাঁর পোস্টে নানা মতামত দিয়েছেন ব্যবহারকারীরা; কেউ বাড়ি বাঁচানোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ভাইয়ের পার্ট-টাইম কাজ বা পরিচিতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জোগাড় করে বকেয়া মেটানোর পরামর্শ দিয়েছেন, আবার কেউ পুরো সঞ্চয় না ভেঙে ৩ লক্ষ টাকা দিয়ে বাকি ১.৫ লক্ষ টাকার জন্য ব্যাঙ্কের কাছে বাড়তি সময় চাওয়া ও ভাইয়ের পড়াশোনার জন্য এডুকেশন লোনের কথা বলেছেন।