ইন্ডিয়ান আইডল থেকে বাদ, আজ লাখো রিলে ভাইরাল! রিতো রিবার জার্নি চমকে দেবে

সোশাল মিডিয়ায় স্ক্রল করলেই যে সুর বারবার ফিডে ভেসে উঠছে, তা হল রিতো রিবার ‘দিলরুবা দিলনাশিন’ গান। রেট্রো আমেজ ও মিষ্টি কথায় ভরা এই গান লাখো রিলস ভিডিয়োর মাধ্যমে ভাইরাল হয়ে ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। মুক্তির পরপরই নস্টালজিক সুর ও রোমান্টিক কথায় বুঁদ শ্রোতারা। অথচ আজ যে গানে দুনিয়া মাতিয়েছেন রিতো রিবা, একসময় তিনিই ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়েছিলেন।
১৯৯৯ সালের ৫ নভেম্বর অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম রিতো রিবার। ২৭ বছর বয়সী এই শিল্পী গালো উপজাতি সম্প্রদায়ের। গিটার ও গানে দক্ষ বাবা রারি রিবা এবং লোকসঙ্গীতে পারদর্শী মায়ের সঙ্গীতময় পরিবেশে বড় হয়ে উঠেছেন তিনি। প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা না থাকলেও ২০১৪-১৫ সাল নাগাদ ইউটিউবে কভার ভিডিয়ো আপলোড শুরু করেন এবং ২০১৭ নাগাদ গানের জগতে কেরিয়ার গড়তে ২০২১ সালে মুম্বইয়ে পাড়ি জমান।
২০২২ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে অংশ নেন রিতো। নিজের লেখা ও সুর করা ‘হীর রাঞ্ঝা’ গেয়ে প্রশংসা পেলেও থিয়েটার রাউন্ডের পর চূড়ান্ত সেরা ১৫-এর তালিকা থেকে বাদ পড়েন তিনি। সেসময় ব্যাপক সমালোচনা হয়; নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা আলংসহ বহু মানুষ তাঁর পাশে দাঁড়ান। যে মঞ্চ থেকে বাদ পড়েছিলেন, ২০২৫ সালে সেখানেই অতিথি শিল্পী হিসেবে ডাক পান রিতো।
রোমান্টিক ব্যালাড ও ভারতীয় পপে পরিচিত রিতো রিয়েলিটি শোয়ের পর PlayDMF থেকে ‘হীর রাঞ্ঝা’ প্রকাশ করেন, যা ইউটিউবে ৪ কোটির বেশি অর্থাৎ ৪৪ মিলিয়ন ভিউ পায়। ‘মেরি বনোগি কেয়া’, ‘ইক তু হি’ ও ‘ইবাদতে’ জনপ্রিয়তা পায়, শ্রেয়া ঘোষালের সঙ্গে ‘প্যায়ার আতা হ্যায়’ গানের মাইলফলক ছুঁয়ে ২০২৫ সালে গালো ভাষায় ‘নেটিভ নোটস’ ইপি প্রকাশ করেন।
চলতি বছরের ১৬ অক্টোবর ‘দিলফেক’ ইপির অংশ হিসেবে মুক্তি পায় ‘দিলরুবা দিলনাশিন’। রেট্রো-পপ সুর ও সহজ কথায় ভারত ও নেপালসহ নানা দেশে ট্রেন্ডিংয়ে থাকা এই গান নিয়ে ইনস্টাগ্রাম রিলস ও টিকটকে ১৭ লাখের বেশি রিল তৈরি হয়েছে। নেপালের চিতওয়ানের শিক্ষিকা সীমা পড়ুয়াদের নিয়ে নাচের ভিডিয়ো পোস্ট করলে ক্রেজ আরও বাড়ে। সিদ্ধান্ত কৌশল লেখা ও টংস কিচুর সঙ্গীতায়োজনে গানটির সুর রিতোর; মিউজিক ভিডিয়োয় রয়েছেন অর্জুন তানওয়ার ও জাহাবিয়া দাগিনাওয়ালা।