কোচবিহারের স্কুলে পরীক্ষার সময় মসজিদে শিক্ষকরা? তুমুল বিক্ষোভে উত্তাল এলাকা

কোচবিহার জেলার বলরামপুর হাই স্কুলে শুক্রবার স্কুল চলাকালীন ও পরীক্ষার সময়ে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় চত্বর ছেড়ে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয় অভিভাবক ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত শিক্ষকদের জবাবদিহি দাবি করেন।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার দুপুরে সাতজন শিক্ষক স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত একটি মসজিদে যান এবং সেই সময়ে বিদ্যালয়ের পঠনপাঠন ও পরীক্ষা ব্যবস্থা ব্যাহত হয়। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকদের একাংশ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাঁরা শুধুমাত্র নির্ধারিত টিফিনের বিরতিতেই বাইরে গিয়েছিলেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। সেই সময়ে বিদ্যালয়ের সাতজন শিক্ষক স্কুল ছেড়ে পাশের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত সহ-সংযোজক মিঠুন সাহা সহ সংগঠনের একাধিক কর্মী এবং স্থানীয় অভিভাবকদের একাংশ বিদ্যালয় চত্বরে জড়ো হন। শিক্ষকরা মসজিদ থেকে স্কুলে ফিরে এলে বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানান এবং পুরো ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বেতনভুক্ত শিক্ষক হয়েও তাঁরা কর্তব্যে অবহেলা করছেন এবং প্রতি শুক্রবার নিয়ম ভেঙে স্কুলের সময়ে ধর্মীয় আচার পালন করতে বাইরে চলে যাচ্ছেন। এমনকি শিক্ষা দফতর এবং বিদ্যালয় পরিদর্শকের উদাসীনতার কারণেই দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে বলেও অভিযোগ তোলা হয়। বিক্ষোভকারী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকেরও সাসপেনশন বা কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
বিদ্যালয়ের স্থানীয় অভিভাবক উৎপল দেবনাথ ও অরুণ দে ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা নিজেরাও একসময় এই স্কুলের ছাত্র ছিলেন এবং বর্তমানে তাঁদের সন্তানরা এখানে পড়াশোনা করছে। তাঁদের কথায়, অতীতে কখনোই এমন ঘটনা দেখা যায়নি। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষকরা স্কুল ছেড়ে চলে গেলে পরীক্ষার্থীদের নজরদারি ও বিদ্যালয়ের শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হয়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হিন্দু জাগরণ মঞ্চের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।
তবে অভিযোগের মুখে পড়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন অভিযুক্ত শিক্ষকদের একাংশ। অভিযুক্ত শিক্ষক মকসেদুল হক সহ অন্যান্যরা দাবি করেন, তাঁরা স্কুলের পঠনপাঠন বা পরীক্ষার কোনো ক্ষতি করেননি। তাঁদের বক্তব্য অনুযায়ী, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতি থাকে এবং তাঁরা সেই বিরতির সময়েই বাইরে গিয়েছিলেন। আগে কখনো এই বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ ওঠেনি বলেও তাঁরা জানান। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানানোর এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।