বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে লাগাম টানার কড়া বার্তা, ৫ শতাংশের ঊর্ধ্বে না যাওয়ার নির্দেশ?

বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সাধারণ অভিভাবকদের স্বার্থরক্ষায় আলোচনার মাধ্যমে ফি-এর হার নিয়ন্ত্রণে রাখার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউন কনভেনশন সেন্টারে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তাঁদের পাশাপাশি বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং স্কুল শিক্ষা দফতরের সচিব সহ শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘ এই আলোচনায় স্কুল ব্যবস্থাপনার নানা দিক খতিয়ে দেখা হয় এবং অভিভাবকদের আর্থিক চাপ কমানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রথম সারির বেসরকারি স্কুলের প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সব স্কুলের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কিছু বেসরকারি স্কুল ফি ৯ শতাংশ, ১২ শতাংশ এমনকি ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এমন অনেক স্কুলও রয়েছে, যারা এ বছর ফি বাড়ায়নি। কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বছরে ৯ শতাংশ হারে ফি বাড়ানোর প্রস্তাব দিলেও রাজ্য সরকার তাতে সম্মতি দেয়নি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, ইতিমধ্যে যে স্কুলগুলি বাড়তি ফি নিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে এখনই আলাদা পদক্ষেপের বদলে বিষয়টি ‘অ্যাডজাস্ট’ করে নিতে হবে। ভবিষ্যতে ফি বৃদ্ধির হার ৫ শতাংশের বেশি হওয়া উচিত নয় বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে। একাধিক লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটি আন্তঃবিভাগীয় কমিটি গঠন করা হবে এবং সেই কমিটিই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
বৈঠকে দেশের অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান যে, প্রায় সাত থেকে আটটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে পৃথক আইন রয়েছে এবং বিহারে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ ফি বৃদ্ধির নিয়ম চালু থাকলেও পশ্চিমবঙ্গের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই হারকেও মানদণ্ড ধরা উচিত নয়। তবে এখনই নতুন আইন আনার প্রয়োজন পড়বে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তাঁর মতে, প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব।
অভিভাবক ও স্কুলগুলির মধ্যে স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর থেকে দুটি পৃথক পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্কুলশিক্ষা দফতর। এর মধ্যে একটি পোর্টাল থাকবে বেসরকারি স্কুলগুলির জন্য এবং অন্যটি অভিভাবকদের জন্য। সাধারণ মানুষের আয়ের বাস্তবতা তুলে ধরে অভিভাবকদের স্বার্থরক্ষার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্কুলের গেটের সামনে যানজট ও ট্রাফিক নিয়ন্ত্রণের মতো স্কুলকেন্দ্রিক সমস্যাগুলি সমাধানে একাধিক দফতরের সমন্বয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরির প্রস্তাব মুখ্যসচিবের কাছে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।