কলকাতা চলচ্চিত্র উৎসবে সঞ্জয় দত্ত? দুবাইয়ে বিশেষ সাক্ষাতে বাড়ল জল্পনা!

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে বলিউডের তারকাদের উপস্থিতি ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। সেই আবহেই দুবাইয়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করলেন চলচ্চিত্র উৎসবের জনসংযোগ ও মিডিয়া সাব-কমিটির চেয়ারম্যান ড. হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। অভিনেতার দুবাইয়ের বাসভবনে গিয়ে তাঁকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালেন হিরণ।

চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর বসতে চলেছে। ইতিমধ্যেই উৎসবকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। দেশ-বিদেশের চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা হয়ে ওঠে এই উৎসব। প্রতি বছরই বলিউড ও আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি উৎসবের আকর্ষণ বাড়ায়। সেই তালিকায় এবার সঞ্জয় দত্তের নামও যুক্ত হতে পারে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ।

সম্প্রতি দুবাইয়ে সঞ্জয় দত্তের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ড. হিরণ্ময় চট্টোপাধ্যায়। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জনসংযোগ ও মিডিয়া সাব-কমিটির চেয়ারম্যান হিসেবে অভিনেতাকে উৎসবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি। তাঁদের এই সাক্ষাৎ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। চলচ্চিত্র উৎসবের অংশ হওয়ার জন্য সঞ্জয় দত্তকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। হিরণের কথায়, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের জায়গা ধরে রেখেছেন। একাধিক জনপ্রিয় ছবি, বৈচিত্র্যময় চরিত্র এবং দীর্ঘ অভিনয়জীবনের সুবাদে তাঁর অনুরাগীর সংখ্যা দেশজুড়ে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে উৎসবের আকর্ষণ আরও বাড়াবে তা বলাই বাহুল্য।

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরও বর্ণময় করে তুলতে দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ চলছে। দুবাইয়ে সঞ্জয় দত্তের সঙ্গে এই সাক্ষাৎ এবং আমন্ত্রণ সেই উদ্যোগেরই গুরুত্বপূর্ণ অংশ। অভিনেতা উৎসবে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি। তবে তাঁকে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশ্যে আসতেই কেআইএফএফ ২০২৬-এ তারকাদের উপস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।