১২০০-এ ১২০০! মোদির হাত থেকে সম্মাননা পেলেন হাওড়ার পল্লবী

প্রযুক্তিগত শিক্ষায় নিষ্ঠা ও দক্ষতার নজির গড়ে জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করলেন হাওড়ার শ্যামপুরের পল্লবী প্রামাণিক। অল ইন্ডিয়া ট্রেড টেস্টে ১২০০-এর মধ্যে ১২০০ নম্বর পেয়ে দেশের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। গত ২১ নভেম্বর লখনউয়ে আয়োজিত ‘কৌশল দীক্ষান্ত সমারোহ ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পল্লবী। পূর্বাঞ্চলীয় রাজ্যের চার জন শীর্ষস্থানাধিকারীর মধ্যে তিনিও রয়েছেন।

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০২১ সালে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের পথে হাঁটার সিদ্ধান্ত নেন পল্লবী প্রামাণিক। ২০২৪ সালে হাওড়া হোমসের সরকারি আইটিআই প্রতিষ্ঠানে ড্রাফটসম্যান মেকানিক্যাল বিভাগে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। দু’বছরের পাঠক্রমে নিয়মিত উপস্থিতি, বিষয়টির প্রতি আগ্রহ এবং একাগ্রতাই তাঁকে এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে বলে মত পল্লবীর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার সুযোগও পেয়েছেন পল্লবী। প্রধানমন্ত্রীর কাছে নিজের পরিচয় তুলে ধরে জানান, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন তিনি। পাশাপাশি আইটিআই পরীক্ষায় প্রথম হওয়ার স্বীকৃতি নিতে তাঁকে ডাকা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে দাসনগরের এনএসটিআই-তে ক্রাফট ইন্সট্রাক্টর ট্রেনিং স্কিম (সিআইটিএস)-এর প্রশিক্ষণ নিচ্ছেন পল্লবী।

পল্লবীর দাবি, তাঁর লক্ষ্য ভবিষ্যতেও কারিগরি শিক্ষার সঙ্গেই যুক্ত থাকা। তাঁর কথায়, কোনও কাজের প্রশিক্ষণ যত ভালোভাবে নেওয়া যায়, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগও তত বাড়ে। অর্থাৎ, শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বাস্তব কাজের উপযোগী দক্ষতা অর্জনকেই ভবিষ্যতের ভীত হিসেবে দেখতে চান তিনি। এই সাফল্যে একা পল্লবী নন, নজর কেড়েছে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানও। হাওড়া হোমসের মোট সাত জন পড়ুয়া বিভিন্ন ট্রেডে সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছেন।

পল্লবীর শিক্ষক বিপ্লব বাগের কথায়, প্রশিক্ষণে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই ওর মধ্যে শেখার আগ্রহ এবং শৃঙ্খলা লক্ষ্য করেছিলাম। জাতীয় স্তরের এই স্বীকৃতিতে খুশি পল্লবীর পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা। কারিগরি শিক্ষাকে কর্মসংস্থানের উপযোগী করে তোলার যে লক্ষ্য, পল্লবীর ফল সেই প্রশিক্ষণের সম্ভাবনাকেই সামনে আনল।