১ লক্ষ কোটি টাকার মেগা সড়ক প্রকল্প বাংলায়! ২৫০ কিমি রিং রোড থেকে ডানকুনি-কোলাঘাট ৮ লেন, বড় ঘোষণা গড়করির

পশ্চিমবঙ্গের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার খোলনলচে বদলে দিতে প্রায় ১ লক্ষ কোটি টাকার এক মেগা পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলার জাতীয় সড়কগুলোকে আমেরিকার সড়ক ব্যবস্থার সমতুল্য করে তোলা হবে এবং এই উন্নয়নে অর্থের কোনো অভাব হতে দেবে না মোদী সরকার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যের সড়ক উন্নয়নের এই বিশাল নীলনকশা তুলে ধরেন গড়করি; মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

রিং রোড, গ্রিনফিল্ড করিডোর ও প্রধান বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাংলার শিল্প, বাণিজ্য ও পর্যটনকে গতি দিতে বিশ্বমানের সড়ক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে সাতটি নতুন গ্রিনফিল্ড করিডোর তৈরি করা হবে। এই মেগা পরিকল্পনার অন্যতম প্রধান আকর্ষণ হলো কলকাতাকে যানজটমুক্ত করতে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল রিং রোড নির্মাণ। শহরের চারপাশ দিয়ে এই রিং রোড হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে যুক্ত করবে, ফলে ভিনরাজ্য থেকে আসা ভারী পণ্যবাহী যানবাহনগুলোকে আর কলকাতার মূল রাস্তায় ঢুকতে হবে না।

এর পাশাপাশি, ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত ৫৮ কিলোমিটার দীর্ঘ আট লেনের আধুনিক মহাসড়ক তৈরিতে ২০ হাজার কোটি টাকা, বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত ৭৫ কিলোমিটার সড়ক উন্নয়নে ৮ হাজার কোটি টাকা এবং রাজ্যের বিভিন্ন শহরের ভেতর দিয়ে যাওয়া জাতীয় সড়কগুলোকে কংক্রিট ও আধুনিক করতে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভ্রমণের সময় হ্রাস ও ‘ডাবল ইঞ্জিন’ সমন্বয় নতুন এক্সপ্রেসওয়ে ও করিডোরগুলো চালু হলে ভিনরাজ্য ও উত্তরবঙ্গের সঙ্গে যাতায়াতের সময় ব্যাপকভাবে কমে আসবে বলে জানিয়েছেন গড়করি। তাঁর দাবি অনুযায়ী, কলকাতা থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা এবং শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার সময় কমে দাঁড়াবে মাত্র ৪ ঘণ্টায়। অন্যদিকে, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা উন্নত করা হলে মাত্র ১ ঘণ্টার মধ্যেই পাহাড়ে পৌঁছানো সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সমন্বয়ের ফলেই বাংলায় এত বড় মাপের উন্নয়নমূলক কাজ সম্ভব হচ্ছে। প্রকল্পগুলো রূপায়ণে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং প্রশাসনিক সহযোগিতা রাজ্য সরকারের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করার আশ্বাসও দেন তিনি।