একটানা কয়েক সপ্তাহ থাকবে জলের নিচে! অত্যাধুনিক প্রযুক্তির ৬টি সাবমেরিন পাচ্ছে ভারত

ভারত ও জার্মানির মধ্যকার প্রচলিত সাবমেরিন সংক্রান্ত ‘প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’ (পি-৭৫আই) চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’-র কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী শিল্প অংশীদারিত্বের অংশ হিসেবে পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জার্মানি। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জ্যাসপার উইক জানিয়েছেন, সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষা নিয়ে পারস্পরিক আস্থাই হবে এই অংশীদারিত্বের মূল ভিত্তি।
প্রস্তাবিত পি-৭৫আই চুক্তির আওতায় মোট ৬টি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করা হবে। ৮ থেকে ৯ বিলিয়ন ডলার মূল্যের এই প্রকল্পে যৌথভাবে কাজ করবে জার্মানির টিকেএমএস এবং ভারতের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড। নির্মিতব্য এই সাবমেরিনগুলোতে থাকবে অত্যাধুনিক ‘এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন’ প্রযুক্তি, যার ফলে এগুলো জলের উপরিভাগে না এসেই টানা কয়েক সপ্তাহ জলের গভীরে অবস্থান করতে পারবে। ভারতের অন্যতম বৃহত্তম এই প্রতিরক্ষা চুক্তির আওতায় বড় পরিসরে আন্ডারওয়াটার প্রযুক্তির হস্তান্তর ঘটবে, যা কেবল সাবমেরিন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।
জার্মান রাষ্ট্রদূত জ্যাসপার উইক আরও জানান, নির্ভরযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বার্লিন একটি সামগ্রিক নীতি কাঠামো প্রণয়ন করেছে এবং ভারতের জন্য একটি বিশ্বস্ত প্রতিরক্ষা-শিল্প অংশীদার হয়ে উঠতে জার্মানি প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের এপ্রিলে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা রোডম্যাপেও প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতে হস্তান্তরযোগ্য সংবেদনশীল সাবমেরিন প্রযুক্তির নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার পদক্ষেপ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, পি-৭৫আই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রযুক্তি কেবল সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানি এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গেই ভাগ করে নেওয়া হবে।