হোয়াটসঅ্যাপে বড় সিকিউরিটি গলদ! ফোন ও ল্যাপটপ বাঁচাতে এক্ষুনি আপডেট করুন

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের পুরোনো ভার্সনে একাধিক নিরাপত্তা ত্রুটি নিয়ে বড়সড় সতর্কবার্তা জারি করল ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In। ২৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ‘CIVN-2026-0576’ সিকিউরিটি অ্যালার্টে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের পাঁচটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে এবং এই সতর্কতাকে ‘হাই’ বা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেবল স্মার্টফোন নয়, কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও দ্রুত অ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে হ্যাকাররা সুযোগ নিতে পারে?CERT-In ও হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, বিশেষভাবে তৈরি মেসেজ, ভুয়ো ফাইল বা সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে হ্যাকাররা এই ত্রুটিগুলোর সুযোগ নিতে পারে। এর ফলে ব্যবহারকারীর ডিভাইসে ক্ষতিকর কোড রান করা, সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া কিংবা নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার মতো ঝুঁকি তৈরি হয়।
পাঁচটি প্রধান নিরাপত্তা ত্রুটি কী কী?
ভুয়ো ফাইলের ফাঁদ: Windows-এ হ্যাকাররা ফাইলের নাম বা ধরন এমনভাবে বদলে পাঠাতে পারে যে তা সাধারণ ডকুমেন্টের মতো দেখায়, কিন্তু খুললেই ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর প্রোগ্রাম চালু হতে পারে।
অর্ডার ডিটেইলস মেসেজের ঝুঁকি: Android-এ সন্দেহজনক বা আনঅফিসিয়াল মেসেজের মাধ্যমে আসা বিশেষ অর্ডার ডিটেইলস খুললে অ্যাপের ফাইল মুছে যাওয়ার পাশাপাশি চ্যাট সংক্রান্ত তথ্যের ঝুঁকি তৈরি হতে পারে।
অ্যাড লিঙ্কে IP ফাঁসের আশঙ্কা: বিজ্ঞাপনের রিপ্লাই সংক্রান্ত বিশেষ মেসেজের লিঙ্ক যাচাইয়ে ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর IP অ্যাড্রেস জেনে ফেলতে পারে।
AI মেসেজ সংক্রান্ত গলদ: Instagram Reels-এর AI ফিচার যুক্ত বিশেষ মেসেজ প্রসেস করার সময় হ্যাকারের নিয়ন্ত্রণে থাকা ওয়েব ঠিকানা থেকে তথ্য লোড হওয়ার ঝুঁকি থাকতে পারে।
সার্টিফিকেট ভেরিফিকেশনে ত্রুটি: Meta AI-এর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত সার্টিফিকেট যাচাই প্রক্রিয়ায় খামতি ধরা পড়েছে, যদিও হোয়াটসঅ্যাপ জানিয়েছে এখনও পর্যন্ত এর অপব্যবহারের প্রমাণ মেলেনি।
কোন ভার্সনগুলোতে ঝুঁকি রয়েছে?CERT-In-এর সতর্কবার্তা অনুযায়ী, নিচের পুরোনো ভার্সনগুলো ব্যবহারকারীদের দ্রুত আপডেট করতে হবে:
WhatsApp (Android): 2.26.35.74 এবং 2.26.17.4-এর আগের ভার্সন
WhatsApp Business (Android): 2.26.23.70 এবং 2.26.17.4-এর আগের ভার্সন
WhatsApp (iPhone): 2.26.24.72 এবং 2.26.15.72-এর আগের ভার্সন
WhatsApp Business (iPhone): 2.26.23.72-এর আগের ভার্সন
WhatsApp (Mac): 2.26.23.72-এর আগের ভার্সন
WhatsApp (Windows): 2.3000.1032164386.258709-এর আগের ভার্সন
নিরাপদ থাকতে কী করবেন?হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এই ত্রুটিগুলো সারানোর আপডেট এনেছে। Android ব্যবহারকারীরা Google Play Store এবং iPhone ব্যবহারকারীরা App Store থেকে WhatsApp ও WhatsApp Business-এর লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। Windows বা Mac ব্যবহারকারীদেরও অফিসিয়াল আপডেট থেকে সর্বশেষ ভার্সন ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অচেনা নম্বর থেকে আসা সন্দেহজনক ফাইল বা লিঙ্কে ক্লিক না করা, থার্ড-পার্টি বা মোডেড অ্যাপ এড়িয়ে চলা এবং প্রয়োজনে সন্দেহজনক নম্বর ব্লক ও রিপোর্ট করার মতো সাধারণ সতর্কতা মেনে চলার কথা বলা হয়েছে।