হামলার পর পাকিস্তানে পালানোর ছক? জইশ যোগে ধৃত যুবককে জেরা গুজরাত এটিএস’র

গুজরাতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল রাজ্যের সন্ত্রাসদমন শাখা বা এটিএস। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হয়ে হামলার ছক কষার অভিযোগে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে, যার নাম মহম্মদ সাহারুল ইসলাম। তদন্তকারীদের দাবি, অসমের বাসিন্দা এই যুবক গুজরাতের ভদোদরায় অবস্থিত বায়ুসেনা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল।
শুক্রবার সাংবাদিক বৈঠকে গুজরাত এটিএস-এর উপ-মহানির্দেশক সুনীল যোশি জানান, ধৃত যুবক বায়ুসেনা ঘাঁটির আশপাশে ঘুরে তথ্য সংগ্রহ করেছিল এবং মোবাইলে ওই এলাকার ছবিও তোলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানে থাকা এক হ্যান্ডলারের নির্দেশেই এই হামলার পরিকল্পনা এগোচ্ছিল এবং নাশকতা চালানোর পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার ছকও ছিল অভিযুক্তের।
তদন্তকারীদের মতে, গত এক বছর ধরে জইশের হ্যান্ডলারদের সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিল সাহারুল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও গুজরাত এটিএস গত ছয় মাস ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিল। ২৩ নভেম্বর নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে হামলার ছক বাস্তবায়ন করতে সে গুজরাতে আসছে, যার পরই চূড়ান্ত অভিযান শুরু হয়।
নজরদারি এড়াতে অসম থেকে সরাসরি পথে না এসে একাধিক ট্রেন ও বাস বদলে ঘুরপথে গুজরাতে পৌঁছনোর চেষ্টা করেছিল সে। তদন্তে আরও উঠে এসেছে যে এর আগেও গুজরাতে এসে বিভিন্ন স্পর্শকাতর স্থানের তথ্য সংগ্রহ করেছিল অভিযুক্ত।
ধৃতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ২৩টি তাজা কার্তুজ এবং নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে এটিএস। প্রাথমিক অনুমান, অস্ত্রটি পাকিস্তান থেকে পাচার করে ভারতে আনা হয়েছিল, এবং তার মোবাইল ফোন খতিয়ে দেখে জইশ-ই-মহম্মদের উগ্রপন্থী লেখালেখিও মিলেছে। পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের পরিচয়, অস্ত্র পাচারের সূত্র এবং গুজরাতে কোনও স্থানীয় সহযোগী বা গোপন মডিউল সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত জুলাইয়েও বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে জইশের আট সদস্যকে গ্রেফতার করেছিল এটিএস, যাঁদের বিরুদ্ধে তরুণদের উগ্রপন্থায় প্ররোচিত করা ও নাশকতায় মদত দেওয়ার অভিযোগ উঠেছিল।