৩০ বছর শিক্ষকতার পর মন্ত্রিত্ব! নিজের পুরনো স্কুলে গিয়ে কী করলেন ক্ষুদিরাম টুডু?

মন্ত্রিত্বের ব্যস্ততা ও প্রশাসনিক কাজের চাপের মাঝেও নিজের পুরনো পরিচয় ভোলেননি রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। বৃহস্পতিবার বর্ধমান শহরে এসে নিজের দীর্ঘদিনের কর্মস্থল বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে যান তিনি। পরিদর্শন নয়, বরং ক্লাসে ঢুকে চক হাতে ব্ল্যাকবোর্ডে ছাত্রছাত্রীদের ক্লাস করান তিনি।

বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০ বছর বাংলা বিষয়ের শিক্ষকতা করেছেন ক্ষুদিরাম টুডু। বৃহস্পতিবার বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। জেলা প্রশাসনের কর্মসূচি ও অন্যান্য ব্যস্ততার মাঝেই কিছুটা সময় বের করে পৌঁছে যান নিজের পুরনো স্কুলে।

বিদ্যালয়ে গিয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে নানা বিষয়ে গল্প, আলোচনা ও মতবিনিময় করেন তিনি। মন্ত্রী হওয়ার পর তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার কথাও ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন ক্ষুদিরাম টুডু। প্রিয় শিক্ষককে আবারও চেনা শিক্ষকের ভূমিকায় সামনে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ও খুশি পড়ুয়ারা।