অনুমতি না মিললেও রাজপথে চিকিৎসকদের মিছিল, সজল ঘোষ বললেন, ‘হয়তো ওই সময়টা পায়নি…’

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাম্প্রতিক গন্ডগোলের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের ডাক দেয় মেডিক্যাল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন। যদিও এই মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ, তবুও গলায় স্টেথো ও হাতে জাতীয় পতাকা নিয়ে রাজপথে নামেন চিকিৎসকরা। অন্যদিকে, মেডিক্যাল কলেজে গন্ডগোলের ঘটনায় এ দিন বউবাজার থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনজন ইন্টার্ন।
চিকিৎসকদের এই মিছিল এবং পুলিশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, চিকিৎসকদের অনুমতি চাওয়াটা তাঁদের গণতান্ত্রিক অধিকার, তবে সেটি ডিউটি আওয়ার্সে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর কথায়, মেডিক্যাল কলেজ থেকে মিছিল বেরোলে হাসপাতালের পরিস্থিতি ও পরিষেবায় কতটা প্রভাব পড়তে পারে, সেই বিষয়গুলোও বিবেচনা করতে হবে।
সজল ঘোষ আরও বলেন, “অনুমতি পায়নি মানে হয়তো ওইখান থেকে পায়নি, ওই সময়টা পায়নি। অন্য সময় চাইবেন, অন্যত্র চাইবেন, নিশ্চয় পাবেন। আইনশৃঙ্খলা ভঙ্গ হলে তো সবার প্রতিই পুলিশ ব্যবস্থা নেবে।” পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি যোগ করেন, “পুলিশ অনুমতি দিল না হয়তো, কিন্তু আপনার গণতান্ত্রিক ব্যবস্থার উপর হস্তক্ষেপও করল না। আপনি এগিয়ে যাচ্ছেন মিছিল নিয়ে, আপনাকে হয়তো পুলিশই কর্ডন করে রেখে দিয়েছে।”