‘বিরোধ পক্ষ নয়, অবরোধ পক্ষ’ সংবিধান দিবসের প্রবন্ধে কংগ্রেসকে কড়া আক্রমণ নরেন্দ্র মোদির

সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত এক বিশেষ প্রবন্ধে সংবিধানের আদর্শ, সরকারি জনকল্যাণমূলক প্রকল্প এবং অতীতের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবন্ধে ড. রাজেন্দ্র প্রসাদ, ড. বাবাসাহেব আম্বেদকর ও গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল, ৩৫৬ নম্বর অনুচ্ছেদের প্রয়োগ এবং সংবিধান সংশোধনী নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর লেখায় উল্লেখ করেন, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ সংবিধান গ্রহণ করেছিল এবং সাধারণ পরিবারের সন্তান হয়েও তিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সেবার সুযোগ পেয়েছেন, তা সংবিধানেরই অবদান। তাঁর দাবি, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও সংবিধান সংশোধনীর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনের উল্লেখ করে তিনি লেখেন, প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, মুদ্রা, পিএম-স্বনিধি এবং ইউপিআই-এর মতো ডিজিটাল ব্যবস্থাকে সংবিধানের অন্তর্ভুক্তিমূলক আদর্শের প্রতিফলন বলে বর্ণনা করেন তিনি।

নিজের সরকারের আমলে হওয়া সংস্কারের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জিএসটি সংক্রান্ত ১০১তম সংশোধনী, জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার ১০২তম সংশোধনী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EWS) সংরক্ষণের ১০৩তম সংশোধনীর প্রসঙ্গ টানেন। এছাড়া অষ্টম তফশিলের ২২টি ভাষায় সংবিধানের সংস্করণ প্রকাশ এবং ঔপনিবেশিক দণ্ডবিধির বদলে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ চালুর কথাও উল্লেখ করেন তিনি। নাগরিকদের ‘কর্তব্য’-বোধের ওপর জোর দিয়ে স্বচ্ছ ভারত ও পরিবেশ সুরক্ষার মতো উদ্যোগের কথাও লেখেন মোদি।

অন্যদিকে, প্রবন্ধের একটি বড় অংশে পূর্ববর্তী কংগ্রেস সরকার এবং বর্তমান বিরোধী দলের ভূমিকার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, পাঁচ দশক ধরে দেশ শাসন করা নেতৃত্ব সংবিধানকে দুর্বল করার পথ বেছে নিয়েছিল। ১৯৫১ সালের প্রথম সংশোধনীর ৭৫তম বার্ষিকী এবং জরুরি অবস্থার সময় আনা ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই পদক্ষেপগুলি মৌলিক স্বাধীনতা ও বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাকে খর্ব করেছিল। তরুণ প্রজন্মকে ৩৮তম ও ৩৯তম সংশোধনী নিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচিত রাজ্য সরকার ভাঙতে ৩৫৬ নম্বর অনুচ্ছেদের প্রায় একশোবার ব্যবহার এবং ৩৭০ ও ৩৫A অনুচ্ছেদের কারণে জম্মু-কাশ্মীরে সংবিধান পুরোপুরি কার্যকর না হওয়ার জন্যও পূর্ববর্তী শাসকদের দায়ী করেন মোদি; ২০১৯ সালে সেই ভুল সংশোধন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

নকশালবাদ নির্মূলের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী লেখেন, এর ফলে দরিদ্র মানুষ নির্ভয়ে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছেন, যদিও বর্তমানে ‘দিমাগি নকশাল’-রা উন্নয়নের গতি ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে প্রধান বিরোধী দলকে নিশানা করেন মোদি। চলতি বছরের শুরুতে আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল পাশ হতে না দেওয়ার জন্যও বিরোধী দলকে দায়ী করে তিনি বলেন, প্রধান বিরোধী দল ‘বিরোধ পক্ষ’-এর বদলে ‘অবরোধ পক্ষ’-এ পরিণত হয়েছে। প্রবন্ধের শেষে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে চিন্তায় ‘ভারত প্রথম’ এবং কর্মে ‘কর্তব্য’—এই দুই নীতি অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।