মোট ৪৫টি অলঙ্কার ন’টি সেটে সাজানো, রয়েছে শ্রীবারির বিশেষ সোনার মুকুট ও পদ্ম পাদালু-সহ একাধিক ঐতিহ্যবাহী গয়না

ভক্তির এক অনন্য নজির! অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ১২১ কেজি সোনার অলঙ্কার দান করলেন এক নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ভারতীয় (NRI) ভক্ত। এই বিপুল পরিমাণ সোনার গয়নার আনুমানিক বাজারমূল্য ১৬০ থেকে ২০৬ কোটি টাকা।
মোট ৪৫টি সোনার অলঙ্কার নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ উপহার। অলঙ্কারগুলি ন’টি পৃথক সেটে সাজানো হয়েছে। মূল বিগ্রহ এবং উৎসবের সময় ব্যবহৃত বিগ্রহকে সাজানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গয়নাগুলি। এই সংগ্রহে রয়েছে শ্রীবারির বিশেষ সোনার মুকুট, পদ্ম পাদালু অর্থাৎ পবিত্র পদ্মাকৃতির চরণ অলঙ্কার-সহ একাধিক ঐতিহ্যবাহী গয়না। ভগবান ভেঙ্কটেশ্বরকে মাথা থেকে পা পর্যন্ত সোনার অলঙ্কারে সাজিয়ে তোলার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই বিশেষ সংগ্রহ।
চেন্নাইয়ের বিখ্যাত এক দোকানে বিশেষভাবে তৈরি হয়েছে এই অলঙ্কারগুলি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেগুলি নিয়ে আসা হয়েছে তিরুমালায়। মন্দির কর্তৃপক্ষের তরফে রঙ্গনায়কুলা মণ্ডপমে অলঙ্কারগুলি প্রদর্শনের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য তৈরি করা হয়েছে বিশেষ প্লাইউডের ডিসপ্লে র্যাক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) কর্তৃপক্ষের হাতে এই অলঙ্কারগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার কথা।
একজন ভক্তের তরফে এত বিপুল পরিমাণ সোনার অলঙ্কার দানকে তিরুপতি মন্দিরের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও দাতার পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। মন্দির সূত্রে খবর, এই ধরনের বিরল ও মূল্যবান অলঙ্কার সংগ্রহ ভবিষ্যতে বিশেষ উৎসবের সময় বিগ্রহকে সাজাতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, তিরুমালা তিরুপতি মন্দির বিশ্বের অন্যতম ধনী মন্দির হিসেবে পরিচিত। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এখানে নানাভাবে দান করেন। তবে এককভাবে একজন ভক্তের তরফে এত বিপুল পরিমাণ সোনার অলঙ্কার দান মন্দিরের ইতিহাসে নতুন মাইলফলক বলে মনে করা হচ্ছে। এই ঘটনা ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও শ্রদ্ধার জন্ম দিয়েছে।
- Pratik Saha
- সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়ার অভিযোগে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর, 'এটি লজ্জার বিষয়' November 26, 2026
- 'প্রেম দেখায় পৃথিবীটা কেমন হতে পারত', নতুন চরিত্র নিয়ে আয়ুষ্মানের মন্তব্য—আগের কাজগুলোর থেকে সম্পূর্ণ আলাদা November 26, 2026
- মোট ৪৫টি অলঙ্কার ন'টি সেটে সাজানো, রয়েছে শ্রীবারির বিশেষ সোনার মুকুট ও পদ্ম পাদালু-সহ একাধিক ঐতিহ্যবাহী গয়না November 26, 2026
- ৪৩৫টি নতুন বাস নামানোর আগে বড় সমীক্ষা রাজ্যের, কোন রুটে চলবে কোন গাড়ি? November 26, 2026
- এসবিআই-এ ১,৫৪০ জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ, বড় ঘোষণা চেয়ারম্যান সি এস শেট্টির! November 26, 2026