টাটা সন্সের অন্দরে বড় সংঘাত! চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে বম্বে হাইকোর্টে যাচ্ছে টাটা ট্রাস্টস?

দেশ ও আন্তর্জাতিক কর্পোরেট মহলে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসে শীর্ষ নেতৃত্বে আরও পাঁচ বছরের জন্য এন চন্দ্রশেখরনের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর পুনর্নিয়োগে বোর্ডের অধিকাংশ সদস্য সম্মত হলেও টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন বলে আগেই খবর সামনে এসেছিল। গত কয়েক মাস ধরেই সংস্থার ভেতরে এই মতবিরোধ জিইয়ে ছিল। সূত্রের খবর, ২৫ নভেম্বর দুটি ট্রাস্টের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব পাস করা হয়েছে এবং পাশাপাশি বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

কেন আদালতের দ্বারস্থ হওয়ার পথে টাটা ট্রাস্ট?
এই বিতর্কের মূলে রয়েছে একটি বড় প্রশ্ন—চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ কি টাটা সন্সের নিয়ন্ত্রণকারী বিধি ও নিয়মকানুন মেনে বৈধভাবে অনুমোদিত হয়েছে?

জানা গেছে, সংস্থার অভ্যন্তরে এই টানাপোড়েনের সূচনা হয় সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে, যেখানে চন্দ্রশেখরনের দ্বিতীয় মেয়াদের বিষয়টি আলোচিত হয়। ওই বৈঠকে ট্রাস্টের মনোনীত দুই পরিচালকের অবস্থান ছিল ভিন্ন:

নোয়েল টাটা: পুনর্নিয়োগের বিপক্ষে ভোট দেন।

ভেনু শ্রীনিবাসন: পুনর্নিয়োগের পক্ষে সমর্থন জানান।

ট্রাস্টের মনোনীত সদস্যদের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় বিষয়টি বৈঠকের চেয়ারে থাকা হরিশ মানওয়ানির কাস্টিং ভোটের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং চন্দ্রশেখরনের দ্বিতীয় মেয়াদে অনুমোদন মেলে। তবে ট্রাস্টগুলির বর্তমান বক্তব্য, কোম্পানির আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনে থাকা ইতিবাচক ভোটের বদলে কাস্টিং ভোট বিকল্প হতে পারে না।