কালো ধোঁয়ায় ঢাকল কায়রোর আকাশ, ট্রাক দুর্ঘটনার পর দাউদাউ আগুন, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ব্যস্ত রাস্তায় জ্বালানি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তাতে ঝলসে যান বহু মানুষ। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা AFP সূত্রে খবর, কায়রোর আল-ওয়ারক এলাকার একটি ব্যস্ত হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল জ্বালানি ভর্তি ওই ট্রাকটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। AFP-এর প্রকাশিত ভিডিওতে হাইওয়েতে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন এবং চারদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি উল্টে যাওয়ার সময় আশপাশে একাধিক গাড়ি ও মোটরসাইকেল ছিল। দুর্ঘটনার পর সেগুলি আর সেখান থেকে বেরোতে পারেনি। চালক ও যাত্রীরা একটানা হর্ন বাজালেও বেরোনোর পথ মেলেনি। এর মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাস্তার যানবাহনের পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলিতেও।
স্থানীয় প্রশাসনের মতে, কায়রোর রিং রোড সারাক্ষণই ব্যস্ত থাকে। হঠাৎ ট্রাকটি উল্টে যাওয়ায় বহু মানুষ গাড়ি থেকে বের হওয়ার সুযোগই পাননি। মিশরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
আব্দেল রহমান খলিল নামে এক প্রত্যক্ষদর্শী AFP-কে জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে ভয়ঙ্কর দৃশ্য দেখেন। রাস্তায় উল্টে পড়ে থাকা ট্রাকটি থেকে দাউদাউ করে আগুন জ্বলছিল। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে একাধিক গাড়ি ও মোটরসাইকেলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে।
মিশরের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আগুনে ঝলসে যাওয়ায় মৃতদেহগুলি শনাক্ত করতে DNA পরীক্ষা চালানো হচ্ছে। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দেল গফর দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন।
মিশরের সংসদের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, মিশরে সড়ক দুর্ঘটনা নতুন নয়। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সেখানে পথ দুর্ঘটনায় ৬,০০০ মানুষের মৃত্যু হয়েছিল, যা ২০২৪ সালে ছিল ৫,২০০। চলতি বছরের অগাস্ট মাসেই দু’টি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জনের প্রাণ গিয়েছিল।