হাতে মাত্র ৬ মাস বাকি, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় জল্পনা, দেখুন বেতনের হিসাব

অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ফিটমেন্ট ফ্যাক্টর। বেতন কাঠামোয় ঠিক কতটা বৃদ্ধি ঘটবে, তা মূলত এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপরেই নির্ভর করছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১, ৩.৮৩৩ এবং ৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ৪ ধার্য হলে ২৫,০০০ টাকার বেসিক স্যালারি বেড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে স্পষ্ট করে রাখা ভালো, এগুলি কেবলই কর্মী সংগঠনগুলির প্রস্তাব; অষ্টম বেতন কমিশন এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও সুপারিশ করেনি।
কারা কমিশনের কাছে কী দাবি করেছে?
কর্মী সংগঠনগুলি কমিশনের সামনে তিনটি ভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব তুলে ধরেছে:
মিনিস্টিরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১ করার প্রস্তাব দিয়েছে।
ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM): ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার দাবি জানিয়েছে।
ভারতীয় মজদুর সংঘ: সবচেয়ে বেশি হারে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ রাখার প্রস্তাব কমিশনের কাছে পেশ করেছে।
ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কত হতে পারে বেতন?
কেন্দ্রীয় সরকার যদি এই প্রস্তাবগুলির কোনও একটিতে সম্মতি দেয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। কোন ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন কত হতে পারে, তার একটি সম্ভাব্য হিসাব নিচে দেওয়া হলো:
বেসিক স্যালারি ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১ হলে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ হলে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে
২৫,০০০ টাকা ৯০,২৫০ টাকা ৯৫,৮২৫ টাকা ১,০০,০০০ টাকা
৩৫,০০০ টাকা ১,২৬,৩৫০ টাকা ১,৩৪,১৫৫ টাকা ১,৪০,০০০ টাকা
৫০,০০০ টাকা ১,৮০,৫০০ টাকা ১,৯১,৬৫০ টাকা ২,০০,০০০ টাকা
আগের কমিশনে কত ছিল ফিটমেন্ট ফ্যাক্টর?
এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। তার ফলে তৎকালীন ন্যূনতম বেসিক পে ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। উল্লেখ্য, বেতন পরিকাঠামো সংস্কারের জন্য সরকার অষ্টম বেতন কমিশনকে ১৮ মাস সময় দিয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ১২ মাস পার হয়ে গেছে। ফলে কমিশনের চূড়ান্ত সুপারিশের দিকেই এখন তাকিয়ে রয়েছেন লাখ লাখ সরকারি কর্মী।