জ্বরের চিকিৎসায় হিট ব্যাগের ক্ষত, ১৭ বছর পর অভিযুক্ত চিকিৎসকের দু’বছরের কারাদণ্ড

সাধারণ জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের পরিচিত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের মা। কিন্তু চিকিৎসা চলাকালীন ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার জেরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় দীর্ঘ ১৭ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর অবশেষে রায় ঘোষণা করল আদালত। অভিযুক্ত চিকিৎসককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ২০০৯ সালের। সুরাতের একটি হাসপাতালে জ্বরের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল ইসমাইল দরবারের মা জাইতুন বিবিকে। সে সময় তাঁর বয়স ছিল প্রায় ৭০ বছর। অভিযোগ অনুযায়ী, চিকিৎসা চলাকালীন তাঁর শরীরে একটি হিট ব্যাগ রাখা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তা সরানো হয়নি। দীর্ঘক্ষণ শরীরে গরম হিট ব্যাগ পড়ে থাকায় তাঁর পিঠে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরিবারের দাবি, চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের চরম অবহেলার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

এর পর জাইতুন বিবির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং দীর্ঘ চিকিৎসার পর তাঁর মৃত্যু হয়। ঘটনার পর আইনি পথে হাঁটে পরিবার। ইসমাইল দরবারের বোন সাহেদার অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালের জানুয়ারি মাসে সুরাতের আথওয়ালাইনস থানায় মামলা দায়ের হয়। অভিযোগের তির ছিল চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালা এবং হাসপাতালের এক নার্সের দিকে।

১৭ বছরের আইনি লড়াইয়ের পর রায়

দীর্ঘ ১৭ বছর ধরে চলা এই মামলায় অবশেষে রায় দিল সুরাতের আদালত। বিচারক পূজা সুরানা চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালাকে ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারায় দোষী সাব্যস্ত করেছেন। তাঁকে দু’বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ৩৩৭ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি। পাশাপাশি, এই মামলার অপর অভিযুক্ত নার্সের বিচার প্রক্রিয়া আলাদা ভাবে চালানোর নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগকারী পক্ষের আইনজীবী কেতন রেশমওয়ালা এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, চিকিৎসা চলাকালীন প্রয়োজনীয় সতর্কতা মানা হয়নি এবং সময়মতো হিট ব্যাগ না সরানোর ফলেই জাইতুন বিবি গুরুতর আঘাত পেয়েছিলেন।

বলিউডের সঙ্গীত জগতে ইসমাইল দরবার অত্যন্ত পরিচিত নাম। তাঁর সুরারোপিত একাধিক গান আজও শ্রোতাদের মনে অমলিন। তবে কাজের সাফল্যের আড়ালে এই ঘটনা দীর্ঘদিন ধরে পরিবারের কাছে বেদনার স্মৃতি হয়ে রয়েছে। ন্যায়বিচারের আশায় দীর্ঘ লড়াইয়ের পর আদালতের এই রায়ে নতুন মোড় এল। যদিও আদালতের রায়ে চিকিৎসককে অবহেলার জেরে গুরুতর আঘাতের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, সরাসরি মৃত্যুর দায়ে নয়।