মরশুমের শীতলতম দিনে ১৭ ডিগ্রিতে কলকাতার পারদ, শুক্রবারের মধ্যে আরও নামবে তাপমাত্রা?

বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। আরও ২ ডিগ্রি কমে শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আকাশ পরিষ্কার থাকবে এবং আজ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আর এই উত্তুরে হাওয়ার হাত ধরেই দ্রুত কমছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শীতের আমেজ ক্রমশ জোরালো হচ্ছে গোটা বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা গেছে। ভোরে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিত্যযাত্রী ও গাড়িচালকদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিন আবহাওয়ায় বড়সড় কোনও রদবদল না হলেও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে শীতের দাপট বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে। শুক্রবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও নামছে পারদ। পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। ভোরের দিকে একাধিক এলাকায় দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে, কোথাও কোথাও তা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে অসমের দিকে সরে যাচ্ছে। এর মাঝেই পারদের পতন ও সকালের কুয়াশার দিকে নজর রেখে শীতের প্রস্তুতি নিচ্ছেন রাজ্যবাসী।