অক্সফোর্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক, সৌরভ দাসের নাগরিকত্ব নিয়েই বড় প্রশ্ন তুলল কেন্দ্র

লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতরে আটকে দেওয়া হয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা সৌরভ দাসকে। সেই ঘটনা গড়ায় দিল্লি হাইকোর্টে। বৃহস্পতিবার আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, পাসপোর্টের তথ্যে একাধিক অসঙ্গতি থাকার কারণেই সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। এমনকি তাঁর পড়াশোনা, ঠিকানা ও পিতৃপরিচয় সংক্রান্ত নথির গরমিলের জেরে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে দাবি করেছে কেন্দ্র।

বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে কেন্দ্রের পক্ষে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (এএসজি) চেতন শর্মা। তিনি আদালতকে জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ককরোচ আন্দোলন’ নিয়ে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার জন্য গত ২৪ নভেম্বর ব্রিটেন যাওয়ার কথা ছিল সৌরভ দাসের। ঠিক আগের দিন, অর্থাৎ ২৩ নভেম্বর মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে।

এদিনের শুনানিতে লুকআউট সার্কুলার নিয়ে তীব্র বাদানুবাদ হয়। সৌরভ দাসের আইনজীবী প্রবীণ কৌঁসুলি অখিল সিবাল প্রশ্ন তোলেন, কোনও আগাম নোটিস বা যাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশ না দেখিয়ে কীভাবে একজন নাগরিককে দেশ ছাড়তে বাধা দেওয়া হল? তাঁর দাবি, দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর অভিবাসন দফতর বিমানে উঠতে বাধা দিলে তবেই শোকজ নোটিসের কথা জানতে পারেন সৌরভ।

আদালতে অখিল সিবাল সওয়াল করেন, আগে থেকে কিছুই জানানো হয়নি এবং লুকআউট সার্কুলার জারি হলে অন্তত তা জানানো উচিত ছিল। দেশের নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি। কোন অপরাধে এবং কবে ওই সার্কুলার জারি হয়েছে, তা স্পষ্ট করার পাশাপাশি আইনি পদক্ষেপের জন্য সার্কুলারের প্রতিলিপিও দাবি করেন তিনি।

যদিও কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, লুকআউট সার্কুলারের প্রতিলিপি দেওয়া সম্ভব নয়। এএসজি চেতন শর্মা যুক্তি দেন, আবেদনকারী এখন সার্কুলারের বিষয়টি জেনে গিয়েছেন, ফলে চাইলে আলাদাভাবে আইনি পথে একে চ্যালেঞ্জ করতে পারেন।

কেন এই পদক্ষেপ, তার ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্র পুদুচেরির পুলিশ সুপারের গত ২০ অগস্টের একটি তদন্ত রিপোর্টের উল্লেখ করে। কেন্দ্রের দাবি, সৌরভ দাসের পাসপোর্টের নথিতে তাঁর স্কুলজীবন, বসবাসের ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। পাসপোর্টের আবেদনপত্রে তিনি বাবার নাম লেখেননি বলেও জানানো হয়। পাশাপাশি, কিছু নথিতে তাঁর ঠিকানা দিল্লি এবং কিছু নথিতে পুদুচেরি উল্লেখ রয়েছে। চেতন শর্মার বক্তব্য, এই ধরনের গুরুতর অসঙ্গতি তাঁর ভারতীয় নাগরিকত্বের বিষয়টিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।

সরকারের তরফে আদালতকে আরও জানানো হয়, ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে সৌরভ দাসকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল এবং চার মিনিট পর, ৭টা ৩৬ মিনিটে ‘ট্রাভেল অ্যাডভাইসরি’ জারি করা হয়। নথির অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কেন্দ্রের দাবি, তাঁর পাসপোর্ট বাতিল করা হয়নি, কেবল বিদেশ যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু শোকজ নোটিসের জবাব না দিয়েই তিনি সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে কেন্দ্র।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিশকে নোটিস জারি করেছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত এবং ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।