মূল স্কুল থেকেই মিলবে বেতন, মডেল স্কুলে শিক্ষকদের সাময়িক নিয়োগ নিয়ে কী জানাল দফতর?

রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতর। সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকদের সাময়িকভাবে ওই স্কুলগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে ২৫ নভেম্বর নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার।

নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক ঘাটতির একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই ঘাটতি পূরণ করতেই সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত স্কুল থেকে শিক্ষক বাছাই করে অস্থায়ীভাবে তাঁদের অন্য স্কুলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস বা ডিআই (সেকেন্ডারি এডুকেশন)-দের শিক্ষক নির্বাচন করে তাঁদের নিয়োগের নির্দেশ জারি করতে বলা হয়েছে। তবে এই অস্থায়ী বদলির ফলে শিক্ষকদের চাকরির শর্তে কোনো পরিবর্তন হবে না। তাঁদের মূল স্কুলই সার্ভিস সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায়িত্বে থাকবে। এমনকী, শিক্ষকদের মাসিক বেতনও মূল স্কুল থেকেই দেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট সরকারি মডেল স্কুলগুলিকে শিক্ষকদের মাসিক ছুটির হিসাবসহ প্রয়োজনীয় তথ্য মূল স্কুলে পাঠাতে হবে।

পাশাপাশি, সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিকে প্রকৃতপক্ষে কতজন শিক্ষক প্রয়োজন, তার বিস্তারিত তথ্য দ্রুত সংশ্লিষ্ট ডিআই-এর কাছে জমা দিতে বলা হয়েছে। এর ফলে পাঠদানের ঘাটতি দ্রুত সামাল দেওয়া যাবে বলে আশা করছে শিক্ষা দফতর।