কোকা-কোলা সরিয়ে ‘আগুয়া’ বলা রোনাল্ডো এবার জলের কারখানায়! পর্তুগালে বিশাল বিনিয়োগ

একটি ছোট্ট পদক্ষেপেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২১ সালের ইউরো কাপের আগে সাংবাদিক বৈঠকে টেবিলের ওপর রাখা কোকা-কোলার বোতল সরিয়ে জলের বোতল তুলে নিয়েছিলেন পর্তুগিজ তারকা। মুখে বলেছিলেন আগুয়া, অর্থাৎ জল। সুস্থ থাকতে ঠান্ডা পানীয় নয়, বরং জল পানের বার্তাই দিয়েছিলেন তিনি। এবার সেই জলকেই ব্যবসার বড় মাধ্যম করে তুলতে চলেছেন রোনাল্ডো। নিজের দেশ পর্তুগালে প্রায় ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগে তৈরি করছেন অত্যাধুনিক মিনারেল ওয়াটারের কারখানা।
২০২১ সালে বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগালের ইউরো কাপের প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বসেন রোনাল্ডো। তাঁর সামনে রাখা ছিল প্রতিযোগিতার অন্যতম স্পনসর কোকা-কোলার দুটি বোতল। সেগুলি সরিয়ে পাশে রাখা জলের বোতল তুলে ধরে ক্যামেরার সামনে বলেন আগুয়া। মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এই ঘটনার পর কোকা-কোলার শেয়ারের দরে পতন দেখা যায় এবং বাজারমূল্য ২৪২ বিলিয়ন ডলার থেকে ২৩৮ বিলিয়ন ডলারে নেমে আসে। যদিও ওই পতনের জন্য কেবল রোনাল্ডোর ঘটনাকেই দায়ী করার নিশ্চিত প্রমাণ নেই, তবে তাঁর বিপুল জনপ্রিয়তা যে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে, তাতে সন্দেহ নেই। ফিটনেস ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বরাবরই জোর দেন রোনাল্ডো এবং চিনিযুক্ত পানীয় এড়ানোর পরামর্শ দিয়েছেন বহুবার। সেই স্বাস্থ্যসচেতনতার সঙ্গেই জুড়ে গেছে তাঁর ব্যবসায়িক পরিকল্পনা।
২০২৩ সালের জুন মাসে স্পেনের মাদ্রিদে নিজের মিনারেল ওয়াটার ব্র্যান্ড উরসু৯ বাজারে আনেন রোনাল্ডো। পর্তুগালের জল ব্যবসায় যুক্ত সংস্থা Grupo Outeirinho এবং Francisco Ferreira-র সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগ শুরু হয়। স্পেনের আভিলা প্রদেশের এল ওসো অঞ্চলের প্রাকৃতিক প্রস্রবণ থেকে এই জলের উৎস। সংস্থার দাবি, উরসু৯ প্রাকৃতিকভাবে অ্যালকালাইন ধর্মসম্পন্ন, যার pH মাত্রা ৯, এবং এতে অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যও রয়েছে।
পর্তুগাল ছাড়াও স্পেন, চিলি, ব্রিটেন, কম্বোডিয়া এবং উজবেকিস্তানসহ ১৫টিরও বেশি দেশে এই জল রফতানি হচ্ছে। এবার নিজের দেশ পর্তুগালেই ব্যবসার পরিধি আরও বাড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। Grupo Outeirinho-র সঙ্গে ৫০-৫০ অংশীদারিত্বে প্রায় ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগে নতুন কারখানা তৈরি করছেন তিনি। পর্তুগালের ব্রাগানসা জেলার গোস্তেই গ্রামের একটি প্রাকৃতিক জলপ্রস্রবণকে কেন্দ্র করে গড়ে উঠবে এই কারখানা। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের শেষের দিকে নির্মাণকাজ শেষ হবে এবং ২০২৮ সালের গোড়ার দিকে আন্তর্জাতিক বাজার লক্ষ্য করে রফতানি শুরু হতে পারে। মাঠের রেকর্ডের পাশাপাশি মিনারেল ওয়াটারের ব্যবসাতেও বিশ্ববাজারে প্রভাব বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছেন রোনাল্ডो।