শাকসবজির চড়া দামে কড়া বার্তা! নবান্নের বৈঠকে কী নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?

শীত পড়তেই নিত্যপ্রয়োজনীয় শাকসবজির দামে চড়া ছবি দেখা যাচ্ছে বাজারে। দ্রব্যমূল্য বৃদ্ধির এই প্রবণতা ঠেকাতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি, পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের কর্তাদেরও বিশেষ বার্তা দিয়েছেন।
নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, সরকার যেমন সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করছে, তেমনই ব্যবসায়ীদেরও উচিত সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কোনো আড়তদার বা মজুতদার যদি অন্যায়ভাবে বা ইচ্ছাকৃতভাবে বাজারে জিনিসের জোগান কমিয়ে দেয়, তবে সেই তথ্য প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি, যাতে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া যায়।মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। তাঁর কথায়, ইচ্ছাকৃতভাবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও ফড়েরা বাজারে জিনিসের জোগান কমিয়ে চড়া দামে বিক্রি করতে বাধ্য করছে, আর তাই এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।বাজারে সর্ষের তেল, চিনি এবং আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধিতেও অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের দ্রুত আলাদা করে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা ওই বৈঠকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি কৃষি বিপণন দফতরের সচিব, অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।