মাত্র ২০ চালেই ড্র বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় গেম! গুকেশ-সিন্দারভের লড়াইয়ে জমছে উত্তেজনা

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় গেমেও পয়েন্ট ভাগ করে নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ এবং চ্যালেঞ্জার জাভোখির সিন্দারভ। বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় গেমটি শেষ হয় মাত্র ২০ চালেই। এর ফলে প্রথম দুটি গেম শেষে দুই প্রতিযোগীর মধ্যে সমতা বজায় রইল এবং এখনও কাউকে আলাদা করা যায়নি।

মঙ্গলবার প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে দৃঢ় রক্ষণাত্মক কৌশলে নামা সিন্দারভকে আটকে দিয়েছিলেন গুকেশ। ৩৮ চালে গড়ানো সেই প্রথম গেমে সিন্দারভ জিততে না পারলেও গুকেশকে যথেষ্ট চাপে ফেলেছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম গেমের পর দ্বিতীয় গেম ঘিরে দর্শকদের প্রত্যাশা বেড়েছিল। কিন্তু বড় কোনো ঝুঁকি না নিয়ে ড্রয়ের পথে হাঁটেন দুজনেই, যার ফলে দুজনেই ০.৫ পয়েন্ট করে পান এবং উত্তেজক কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

দ্বিতীয় গেমে সাদা ঘুঁটি নিয়ে লন্ডন সিস্টেমে খেলা শুরু করেন গুকেশ। এই ওপেনিং নিয়ে আলোচনা ও সমালোচনা থাকলেও নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট ভারতীয় গ্র্যান্ডমাস্টার। তাঁর মতে, খেলা শুরুর ক্ষেত্রে লন্ডন সিস্টেম বেশ আকর্ষণীয় একটি পথ। দ্বিতীয় গেম ড্র হওয়ার পর যে তিনি মোটেই চিন্তিত নন, তাও স্পষ্ট করেছেন গুকেশ। তিনি জানান, দুটি গেমের ফলই নিজের পক্ষে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তা সহজ নয়। সুযোগ তৈরির চেষ্টা সবসময়ই থাকে, কখনো সফল হয়, কখনো হয় না। মাসের পর মাস প্রস্তুতি নিয়ে ১৪ গেমের এই ম্যাচে নেমেছেন দুজনেই, আর সবে দুটি গেম হওয়ায় এখনই স্কোর নিয়ে ভাবার কিছু নেই বলে মনে করেন তিনি।

তবে দ্বিতীয় গেমে যে সিন্দারভকে কোনোভাবেই বিপদে ফেলতে পারেননি, তা অকপটে মেনে নিয়েছেন চেন্নাইয়ের এই দাবাড়ু। গুকেশের কথায়, প্রতিদ্বন্দ্বীকে বিপদে ফেলার মতো পরিস্থিতি তিনি তৈরি করতে পারেননি, আর ঝুঁকি নিয়ে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করলে নিজের বিপদই বাড়ত। অন্যদিকে চ্যালেঞ্জার সিন্দারভ জানান, গুকেশের ওপেনিং চাল তাঁর কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল। তবে ২০ বছর বয়সি এই উজবেক গ্র্যান্ডমাস্টার দাবি করেন, সব ধরনের চালের জন্যই তাঁর প্রস্তুতি ছিল, এবং দীর্ঘ নিবিড় অনুশীলনের কারণেই তিনি সামলে নিতে পেরেছেন।

প্রথম দুই গেম থেকে ১.০ পয়েন্ট করে সংগ্রহ করার পর বৃহস্পতিবার তৃতীয় গেমে আবার মুখোমুখি হচ্ছেন গুকেশ ও সিন্দারভ। এই গেমে সাদা ঘুঁটি নিয়ে প্রথম চাল দেওয়ার সুযোগ পাবেন সিন্দারভ। টানা দুটি ড্রয়ের পর তৃতীয় গেমে জয় তুলে নিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই নামবেন দুই দাবাড়ু।