২ বছর পর ‘ম্যায় হুঁ না’ নিয়ে নতুন জল্পনা, রামায়ণের ছায়া দেখে কী প্রতিক্রিয়া ফারহার?

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘ম্যায় হুঁ না’ কি শুধুই অ্যাকশন, দেশপ্রেম আর রোম্যান্সের মিশেল, নাকি এর গল্পের গভীরে লুকিয়ে রয়েছে রামায়ণের ছায়া? ২০০৪ সালে মুক্তি পাওয়া ফারহা খান পরিচালিত এই ছবি ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক চমকপ্রদ তত্ত্ব ছড়িয়ে পড়েছে। আর এই অদ্ভুত অথচ মজাদার ব্যাখ্যা শুনে বিরক্ত না হয়ে বরং বেশ উপভোগই করেছেন পরিচালক ফারহা খান। ভক্তদের একাংশের দাবি, ‘ম্যায় হুঁ না’ আসলে আধুনিক সময়ের রামায়ণেরই এক রূপ, যেখানে শাহরুখ খান ও জায়েদ খান রাম-লক্ষ্মণ এবং সুনীল শেট্টি যেন রাবণেরই এক নতুন সংস্করণ।
সম্প্রতি অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তাঁর স্বামী ফাহাদ আহমেদের চেম্বুরের বাড়িতে গিয়েছিলেন ফারহা খান। নিজের ইউটিউব কুকিং শোয়ের একটি পর্বের শুটিংয়ের জন্য সেখানে যান তিনি। রান্নাবান্না ও গল্পগুজবের মাঝেই ‘ম্যায় হুঁ না’ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল ফ্যান থিওরি নিয়ে আলোচনা শুরু হয়।
কথোপকথনের সময় ফাহাদ জানান যে, এক্স বা পূর্বতন টুইটারে বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে চর্চা চলছে। তাঁর মতে, নেটিজেনরা বেশ মজার ছলেই ছবির সঙ্গে রামায়ণের মিল খুঁজে বের করছেন। ফাহাদের ভাষায়, সেই তত্ত্ব অনুযায়ী সুনীল শেট্টিকে রাবণ এবং শাহরুখ খান ও জায়েদ খানকে রাম ও লক্ষ্মণ হিসেবে দেখা হচ্ছে। এমনকি তাঁদের মাকেও এমন একজন চরিত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, যিনি তাঁদের আলাদা বা বনবাসের মতো পরিস্থিতিতে পাঠিয়ে দেন।
অনুরাগীদের এই কল্পনাপ্রসূত বিশ্লেষণ শুনে বেশ মজা পান ফারহা খান। তিনি নিজের পছন্দের কথাও খোলামেলাভাবে জানান। ফারহার কথায়, তিনি রামায় এবং মহাভারতের খুব বড় ভক্ত। ফলে তাঁর ছবির সঙ্গে মহাকাব্যের এমন তুলনা যে তাঁর কাছে একেবারেই অপছন্দের বা বিরক্তিকর নয়, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে ওঠে।
ছবির চরিত্রগুলির দিকে তাকালে এই তত্ত্বের মজার দিকটি আরও স্পষ্ট হয়। ছবিতে শাহরুখ খান অভিনয় করেছিলেন মেজর রাম প্রসাদ শর্মার ভূমিকায়, আর জায়েদ খানের চরিত্রের নাম ছিল লক্ষ্মণ। দুই ভাইয়ের নামের এই মিল দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে সুনীল শেট্টির অভিনীত খলনায়ক রাঘবনের নাম ও নেতিবাচক ভূমিকার সঙ্গে রাবণের তুলনা টেনেছেন ভক্তরা।
শুধু নামের মিল নয়, ছবির পারিবারিক সমীকরণেও রামায়ণের ছায়া খুঁজে পেয়েছেন অনেকে। ছবিতে দুই সৎভাই ছোটবেলায় আলাদা হয়ে যায় এবং পরে নানা ঘটনার মধ্য দিয়ে আবার কাছাকাছি আসে। মায়ের সিদ্ধান্তে তাঁদের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও ভক্তদের এই ব্যাখ্যাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
তবে ‘ম্যায় হুঁ না’ যে সচেতনভাবে রামায়ণের আধুনিক সংস্করণ হিসেবে তৈরি হয়েছিল, এমন কোনো দাবি ফারহা খান করেননি। বরং ছবির চরিত্র, নাম এবং পারিবারিক সম্পর্কের মধ্যে দর্শকরা নিজেদের মতো করে যে সংযোগ খুঁজে পেয়েছেন, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মুক্তির দুই দশকেরও বেশি সময় পরেও ছবিটি নিয়ে নতুন নতুন আলোচনা তৈরি হচ্ছে, আর এবার সেই আলোচনায় যুক্ত হলো রামায়ণের প্রসঙ্গ।