AI-এর ভবিষ্যতে বড় মোড়, ‘Starmind’ নেটওয়ার্ক নিয়ে কী বড় পরিকল্পনা ইলন মাস্কের?

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI পরিকাঠামো গড়ে তোলার পথে বড় সাফল্য পেল ইলন মাস্কের সংস্থা SpaceX। মহাকাশে ১০ লক্ষ ডেটা সেন্টার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছে আমেরিকার Federal Communications Commission বা FCC। FCC-র চেয়ারম্যান ব্রেন্ডন কার এই অনুমোদনের কথা জানিয়েছেন। SpaceX-এর প্রস্তাবিত এই স্যাটেলাইট নেটওয়ার্কের নাম রাখা হয়েছে ‘Starmind’। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে AI প্রযুক্তির ভবিষ্যৎ এবং মহাকাশের পরিকাঠামোতে বড় বদল আসতে পারে।
চলতি বছরের শুরুতেই এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণের অনুমতি চেয়ে FCC-র কাছে আবেদন করেছিল SpaceX। সংস্থাটির সিইও ইলন মাস্ক বিনিয়োগকারীদের সামনে এই ভবিষ্যৎ পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। SpaceX এবং তাঁর AI সংস্থা xAI-কে একত্রিত করার পর মহাকাশে AI ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা আরও গতি পেয়েছে বলে জানা গেছে।
বর্তমানে SpaceX-এর সুপার ইন্টেলিজেন্স বিভাগের অধীনে থাকা এই ডেটা সেন্টার ব্যবসায় বড় প্রযুক্তি সংস্থাগুলির আগ্রহ তৈরি হয়েছে। Anthropic এবং Google-এর মতো প্রতিষ্ঠান বিপুল অর্থের বিনিময়ে এই পরিকাঠামো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে AI-কে ঘিরে SpaceX-এর ব্যবসা ক্রমশ রকেট উৎক্ষেপণ ও Starlink ইন্টারনেট পরিষেবার গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে।
পৃথিবীতে AI প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের চাহিদাও দ্রুত বাড়ছে। কিন্তু এই পরিকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ বিদ্যুৎ, জল এবং জমির প্রয়োজন হয়। পাশাপাশি পরিবেশগত প্রভাব এবং স্থানীয় স্তরে বিরোধিতাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটেই মহাকাশে ডেটা সেন্টার তৈরির দিকে ঝুঁকছে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান, যার মধ্যে Google এবং Starcloud-এর মতো সংস্থাও রয়েছে। SpaceX-এর দাবি, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা গেলে সৌরশক্তি কাজে লাগিয়ে তা চালানো সম্ভব হবে, যা পৃথিবীর প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার উপর নির্ভরতা কমাতে পারে এবং পরিচালন খরচও কমিয়ে আনতে পারে। FCC-র চেয়ারম্যান ব্রেন্ডন কারও এই অনুমোদনকে আমেরিকার প্রযুক্তিগত উদ্ভাবন ও অর্থনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
তবে অনুমোদন মিললেও মহাকাশে ১০ লক্ষ ডেটা সেন্টার স্থাপন করা সহজ নয়। এই প্রযুক্তি এখনও বড় আকারে বাস্তবে চালু হয়নি, ফলে কারিগরি ও আর্থিক দিক থেকে নানা চ্যালেঞ্জ রয়েছে। মহাকাশে AI চিপগুলির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অন্যতম বড় সমস্যা, কারণ পৃথিবীর মতো কুলিং ব্যবস্থা সেখানে কীভাবে কাজ করবে তা এখনও বড় প্রশ্ন। বিপুল সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ ও রক্ষণাবেক্ষণের জন্য SpaceX-কে নতুন Starship রকেটের উপর নির্ভর করতে হবে। সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ব্রেট জনসেন জানিয়েছেন, ২০২৭ সালে প্রথম ডেটা সেন্টার পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং ২০২৯ সাল পর্যন্ত ধাপে ধাপে তা সম্প্রসারণ করা হবে। FCC-র অনুমোদন অনুযায়ী, প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরিচালনার জন্য ২০৩৩ সাল এবং সম্পূর্ণ নেটওয়ার্ক স্থাপনের জন্য ২০৪০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এই বিশাল পরিকল্পনা নিয়ে আপত্তিও উঠেছে। Amazon, স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী সংস্থা Viasat এবং American Astronomical Society এই প্রস্তাবের বিরোধিতা করেছে। Amazon-এর মতে, স্যাটেলাইটের নকশা ও উৎক্ষেপণের সময়সূচি নিয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। জ্যোতির্বিজ্ঞানীদের আশঙ্কা, মহাকাশে বিপুল সংখ্যক স্যাটেলাইট থাকলে রাতের আকাশে আলোর দূষণ বাড়বে, যা পৃথিবী থেকে মহাকাশ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যাঘাত ঘটাতে পারে। বর্তমানে SpaceX-এর ১১ হাজারেরও বেশি Starlink স্যাটেলাইট কক্ষপথে রয়েছে, যেখানে Amazon Leo-র স্যাটেলাইট সংখ্যা প্রায় ৪০০।
ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণে বিপুল পুঁজিও ঢালছে SpaceX। গত জুনে IPO-র মাধ্যমে প্রায় ৮৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে সংস্থাটি। মেমফিস ও আশপাশের এলাকায় ডেটা সেন্টার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালানোর পাশাপাশি টেক্সাসের Starbase এবং অ্যারিজোনার Cochise County-তে ডেটা সেন্টার পরিকাঠামো তৈরিতে আরও ৭৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তবে ব্যয়বহুল AI চিপ মহাকাশে পাঠানো বিনিয়োগকারীদের কাছে কতটা লাভজনক হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত অক্টোবরে পৃথিবীর ডেটা সেন্টারে Nvidia-র Vera Rubin সিস্টেম লিজ নিতে ঋণদাতাদের কাছ থেকে ৪০ বিলিয়ন ডলার সংগ্রহের কথা জানিয়েছিল SpaceX, যেখানে ঋণদাতারা চিপগুলি পৃথিবীতেই রাখার আশ্বাস চেয়েছেন। পাশাপাশি FCC-র অনুমোদনে জরুরি যোগাযোগ, টেলিমেট্রি, ট্র্যাকিং ও কমান্ডের জন্য রেডিও-ফ্রিকোয়েন্সি সংযোগ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। মহাকাশে ডেটা সেন্টার তৈরির আরও কয়েকটি প্রস্তাব খতিয়ে দেখছে FCC এবং প্রতিটি বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে।